ফ্যাসিবাদের উত্থান মোকাবিলায় যে আহ্বান জানালেন জামায়াত নেতা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৬:০৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আমলের সব গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী।
মঙ্গলবার মিরপুর, পল্লবী ও কাফরুল জোন জামায়াত এ কর্মসূচির আয়োজন করে।
বিক্ষোভ মিছিলটি মিরপুর ১০ নাম্বার গোলচত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাজীপাড়ায় গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও ঢাকা উত্তরের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নাসির উদ্দিন, কর্মপরিষদ সদস্য মো. শহিদুল্লাহ ও শাহ আলম তুহিন প্রমুখ।
বিক্ষোভ পরবর্তী সমাবেশে জামায়াত নেতা মাহফুজুর রহমান বলেন, ফ্যাসিবাদী আমলের প্রায় ১৬ বছরে আওয়ামী লীগ সারা দেশকে গুম, খুন ও নৈরাজ্যের অভয়ারণ্যে পরিণত করেছিল। কিন্তু জনগণের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে বাকশালীদের শেষ রক্ষা হয়নি। ছাত্র-জনতার আন্দোলনে তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
‘কিন্তু বাকশাল পতনের দুবছর পার হলেও ফ্যাসিস্ট দলটির কোনো নেতাকর্মীর বিচারকাজই দৃশ্যমান হয়নি। বরং একের পর এক মামলায় জামিন ও চিহ্নিত গডফাদারদের ছেড়ে দিয়ে দেশকে আবারও হুমকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে’।
তিনি আরও বলেন, সরকারের দুর্বল ও তোষণনীতির কারণে আওয়ামী জোটের সাবেক মন্ত্রী সন্ত্রাসী হাসানুল হক ইনু আদালতে হুমকি দিয়ে কথা বলার সাহস পাচ্ছেন। কিন্তু সচেতন জনতা তাদের চক্রান্ত ও ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেবে না। তিনি নতুন করে ফ্যাসিবাদের উত্থান মোকাবিলায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

