Logo
Logo
×
   

রাজনীতি

কুমিল্লা উত্তর বিএনপির আহ্বায়কের পদ পেলেন সেই আবুল হাশেম

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৯:৩১ পিএম

কুমিল্লা উত্তর বিএনপির আহ্বায়কের পদ পেলেন সেই আবুল হাশেম

কুমিল্লা জেলা উত্তর বিএনপির আহ্বায়ক আবুল হাশেম। ফাইল ছবি

কুমিল্লা জেলা উত্তর বিএনপির নবগঠিত কমিটিতে আহ্বায়কের পদ পেয়েছেন বিগত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম।

সোমবার (১৩ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উত্তর জেলা বিএনপির ৪১ সদস্যের পূর্বের কমিটি বিলুপ্ত করে ৮ সদস্যের নতুন আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।

এদিকে জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে জালিয়াতি করে একটি খাস ভূমি নিজ নামে রেকর্ডের অভিযোগ রয়েছে আবুল হাশেমের বিরুদ্ধে। প্রশাসনের বাধা উপেক্ষা করে দখলীয় ওই ভূমিতে তিনি বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ করছেন বলে অভিযোগ উঠেছে।

তবে অভিযোগ অস্বীকার করে আবুল হাশেম বলেন, আমার চাচাতো ভাই মাসুদ আলমের কাছ থেকে রেজিস্ট্রি মূলে আমি জায়গাটির মালিক হয়েছি। ৩৬ বছর যাবত জায়গাটি আমার দখলে রয়েছে। সেখানে আমি ভবন নির্মাণ করছি। আমার বিরুদ্ধে জাল জালিয়াতি অভিযোগ সঠিক নয়।  

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম মশিউজ্জামান বলেন, আবুল হাশেম নামের ওই ব্যক্তি বিএস রেকর্ড পরিবর্তন এবং একজনের নামে বন্দোবস্ত থাকা সরকারি জমি নিজ নামে রেজিস্ট্রি করে আইনের ব্যত্যয় ঘটিয়েছেন।

কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, আবুল হাশেম আগের কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। প্রক্রিয়াগতভাবে তাকে নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে। তবে ব্যক্তিগত অপকর্মের দায় সংগঠন নেবে না। আবুল হাশেমের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে বিষয়টি নিয়ে সাংগঠনিক ফোরামে আলোচনা করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .