বিএনপির প্রতি জনগণের আস্থা কমছে: সারজিস আলম
Advertisement
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৬:২৯ পিএম
ফেনীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সারজিস আলম। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, বিএনপির প্রতি জনগণের আস্থা কমছে। জুলাই সনদ তো দূরের কথা, নিজেদের ঘোষিত ৩১ দফার সঙ্গেও দলটি প্রতারণা করেছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে ফেনীর একটি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, বিএনপি এমন একটি রাজনৈতিক ফাঁদ তৈরি করেছে, যাতে অংশ নিলেও দোষ, আবার অংশ না নিলেও দোষ। জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচনের সময় বিএনপির সুযোগ ছিল কিন্তু দলটি সেই সুযোগ কাজে লাগায়নি।
তিনি বলেন, জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তাদের রাজনৈতিক কর্মকাণ্ড ও অবস্থান নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নসহ রাষ্ট্র সংস্কারের বিভিন্ন বিষয়ে বিএনপির ভূমিকা নিয়েও সমালোচনা করেন তিনি।
সরকারের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন- দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিদ্যুৎ-গ্যাসসহ জ্বালানি সংকট মোকাবিলায় সরকার নিদারুণভাবে ব্যর্থ হয়েছে। এসব সমস্যা সমাধানে সরকারের আরও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
সারজিস আলম জানান, তৃণমূল পর্যায়ে স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি প্রার্থী দেবে। জনগণ তাদের পাশে থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এসএম সুজাউদ্দিন এবং ফেনী জেলা কমিটির আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকতসহ দলটির নেতাকর্মীরা।

