Logo
Logo
×
   

রাজনীতি

জামায়াত আমিরের সেই মন্তব্যের জবাবে যা বললেন মেয়র শাহাদাত

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পিএম

জামায়াত আমিরের সেই মন্তব্যের জবাবে যা বললেন মেয়র শাহাদাত

জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনকে ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তাকে মেয়রের পদ থেকে পদত্যাগ করে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসারও আহ্বান জানিয়েছেন তিনি। 

শনিবার (৬ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশে লালদিঘি মাঠে তিনি এ মন্তব্য করেন। তার এই বক্তব্যের পরপরই মেয়র হিসেবে ডা. শাহাদাতের পদে থাকা নিয়ে জনমনে নানা প্রশ্নের উদ্রেক তৈরি হয়েছে। 

জামায়াত আমিরের এমন মন্তব্যের জবাব দিতে এক মুহূর্তও দেরি করেননি ডা. শাহাদাত। শনিবার রাতেই কানাডায় অবস্থানরত মেয়র এক ভিডিও বার্তায় দাবি করেছেন, আদালতের রায় অনুযায়ী তার মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত। তবে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা করলে তিনি মেয়রের পদ থেকে সরে দাঁড়াতে প্রস্তুত রয়েছেন।

শনিবার লংমার্চের সমাপনী সমাবেশে লালদিঘি মাঠে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, এখানে একজন মেয়র আছেন। ওনার মেয়াদ কি এখনো আছে? ওনাকে কি আমরা মেয়াদোত্তীর্ণ বলব না? এখন শুনে যাবেন, উনি যতদিন ইচ্ছা ততদিন থাকবেন। এর নাম সুশাসন না, এর নাম ফ্যাসিবাদ।

তিনি বলেন, আপনি আসেন, আবার নির্বাচিত হয়ে আসেন। জনগণের ভোটে এসে সম্মানের সঙ্গে নেতৃত্ব দেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু ভোটে যদি জনগণ অন্য কাউকে নির্বাচিত করে, তাও আপনাকে মেনে নিতে হবে।

জামায়াত আমির বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দেওয়ার পর বিভিন্ন জায়গায় প্রশাসক বসানো হয়েছে। এসব প্রশাসক নির্বাচিত জনপ্রতিনিধি কি-না, সে প্রশ্নও তোলেন তিনি।

এদিকে জামায়াত আমিরের বক্তব্যের পর শনিবার রাত ১২টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিও বার্তায় চসিক মেয়র ডা. শাহাদাত জামায়াত আমিরের নেতৃত্বাধীন লংমার্চকে খোঁচা মেরে জবাব দিয়েছেন। 

তিনি ১১ দলীয় ঐক্যের লংমার্চকে ‘লং ড্রাইভ’ বলে অভিহিত করে বলেছেন, আজকে আমরা একটা লং ড্রাইভ দেখেছি। এটাকে আমি লংমার্চ বলব না, একটা লং ড্রাইভ বলব এবং যেখানে তারা বলছে— বিদ্যুৎ দে, পানি দে, গ্যাস দে, নইলে গদি ছেড়ে দে। এত গ্যাস, ফুয়েল তারা ব্যয় করে আজকে একটা লং ড্রাইভ করেছে। তো সেখানে ঠিক আছে, তারা করেছে, তাদের রাজনৈতিক কর্মসূচি তারা করতে পারে। 

মেয়র বলেন, জামায়াতের আমির শফিকুর রহমান সাহেব মেয়াদোত্তীর্ণ মেয়রের কথা বলেছেন আমাকে। আমি বলতে চাই, আমার এই রাইটটি ফ্যাসিবাদী রাজত্ব যারা ১৬ বছর কায়েম করেছে- হাসিনা সরকার, জোর করে আমার রাইটটাকে ছিনিয়ে নিয়ে যিনি অবৈধভাবে মেয়র হয়েছিলেন রেজাউল করিম, সেই রায়ের বিরুদ্ধে আমি নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করি। আদালতের রায়েই কিন্তু আমাকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছে এবং নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করেছে। আমি শপথ নিয়েছি এবং এই রাইটটি হয়েছে ৫ আগস্টের পরে, ইন্টেরিম গভর্মেন্টের সময়।

তিনি বলেন, জনগণের যে প্রত্যাশিত রায়, যেটার জন্য তিন বছর ধরে আমি ফাইট করেছি, যে মামলাটি করার জন্য ৬ মাস ধরে আমাকে জেলে থাকতে হয়েছে এবং বারবার আমার বিরুদ্ধে মিথ্যা, গায়েবি মামলা দেওয়া হয়েছে। গত ১৬ বছরে আমার বিরুদ্ধে প্রায় ১১০টির ওপরে মামলা। রায়ে স্পষ্ট বলা আছে যে, আওয়ামী লীগের যে মেয়র ছিল তিনি অবৈধ এবং তার টেনিওর যেটা ছিল সেটাও অবৈধ। কাজেই আমার যে মেয়াদ ২০২৪ সাল, সেই ২০২৪ সালের নভেম্বরের ৩ তারিখ আমি শপথ নিয়েছি, সেখান থেকে স্বাভাবিকভাবেই ২০২৯ সাল পর্যন্ত আমার মেয়াদ থাকবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম