আমরা পোষা বিরোধী দল হবো না: বিএনপিকে সারজিস
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পিএম
পিরোজপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আপনাদের শিখাতে হবে না বিরোধী দল কী কর্মসূচি পালন করবে। আপনারা বিরোধী দল হিসেবে ব্যর্থ ছিলেন। আপনারা যখন মার্চ টু ডেমোক্রেসির ঘোষণা দিয়েছিলেন তখন শুধুমাত্র একটি বালুর ট্রাক দিয়ে আপনাদের পুরো লংমার্চকে শেষ করে দেওয়া হয়েছিল। আপনারা বালুর ট্রাককেও সরাতে পারেন নাই। তাহলে আপনারা বিরোধী দল হিসেবে ব্যর্থ হয়েছিলেন সেই লংমার্চ দিতে। সেই ব্যর্থ বিরোধী দলের নসিহত নিয়ে আমাদেরকে বিরোধী দলের কার্যক্রম ঠিক করে দিতে হবে না।
তিনি বলেন, আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হব না। বিএনপি যেন সেই স্বপ্ন না দেখে। আমরা আমাদের কর্মসূচি নিজেরা ঠিক করব। যদি বিএনপি মনে করে তারা তাদের জায়গা থেকে আমাদের প্রতিরোধ করবে তাহলে আমরা মনে করি এটার ফল কখনো ভালো হবে না।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সারজিস আলম এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের এনসিপির একজন যখন প্রধানমন্ত্রী সমালোচনা করেছে; আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। কেন্দ্রীয় কমিটির একজন এমন একটা ভাষায় সমালোচনা করেছিল আমরা মনে করেছি এই ভাষায় সমালোচনা করা ঠিক হয়নি। ভাষা ঠিক হয়নি- বিধায় আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছিলাম। কিন্তু বিএনপি ক্ষমতার অপব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে তাকে জেলে নিয়েছে রিমান্ডে নিয়েছে। সর্বশেষ এখন পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়নি। তাহলে তারেক রহমান এই যে বাক স্বাধীনতার কথা বলেন- এগুলো মিথ্যা আর প্রতারণা ছাড়া আর কিছুই না। তাহলে কি আমরা মনে করবো তারেক রহমানের মুখের কথা এক আর মনের কথা আরেক। তিনি উপরে উপরে বলবেন সমালোচনা করুন, আমরা স্বাধীনতা দিচ্ছি। ভিতরে ভিতরে কেউ একটা কথা বললে, সমালোচনা করলে আপনি আপনার জায়গা থেকে তাকে গ্রেফতার করাবেন, ক্ষমতার অপব্যবহার করে তাকে জেল খাটাবেন, মিথ্যা মামলা দেবেন- এটা তো হতে পারে না।
সারজিস আলম বলেন, সিফাত নামের ছেলেটা যে গালি দিয়েছেন; সেই গালিকে আমরা সমর্থন করি না। কিন্তু তার বিরুদ্ধে যে মামলাটা দেওয়া হয়েছে এটা তো মিথ্যা মামলা সন্ত্রাসবিরোধী মামলা, এক বছর আগের মামলা।
জাতীয় নাগরিক পার্টির পিরোজপুর জেলা আহ্বায়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সদস্য সচিব মাইনুল আহসান মুন্নার সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন- সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ডা. মাহমুদা আলম মিতু, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব শামীম হামিদী, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, পিরোজপুর জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ফাহাদ সিকদার প্রমুখ।
