জামায়াত এমপির সদস্য পদ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জামায়াত ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সদস্য পদ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মাননীয় বিরোধীদলের নেতার অনুরোধে গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বহাল থাকলেও কোনো কমিটিতে তাকে রাখা যাবে না।
আজ সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন চলাকালে বিরোধীদলীয় নেতার অনুরোধের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বুঝেছি বিরোধীদলীয় নেতা কারো সদস্য পদ বাতিলের পক্ষে নন। কেউ অনৈতিক কাজ করলে তাকে যদি দল থেকে বহিষ্কার করা হয় তাহলে সংবিধান অনুযায়ী তার সংসদ সদস্য পদ যায় না।
তিনি আরও বলেন, ৭০ আর্টিকেল অনুসারে-সেই সংসদ সদস্য যদি দলের বিপক্ষে ভোট দেন অথবা ভোট দানে বিরত থাকেন; তাহলে তার আসন শূন্য হবে। অথবা তিনি যদি নিজ থেকে দল থেকে পদত্যাগ করেন তাহলে। যেহেতু তিনি দলের প্রতীক নিয়ে নির্বাচন করেছেন সুতারং বৈধ এটাই, তার সংসদ সদস্য পদ বহাল থাকল। যদি বিরোধী দল রাষ্ট্রপতির নির্বাচনের সময় তার অনুপস্থিতিটা কাউন্ট করে ৭০ আর্টিকেল অনুসারে চিঠি না দেয়; তাহলে তার সদস্য পদ বহাল থাকল। আমরা তাহলে বুঝে নিলাম সদস্য পদ বহাল থাকল। কিন্তু কমিটিতে বহাল রাখা যাবে না।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বিরোধীদলীয় নেতা যদি চান, তার দলের প্রতীক নিয়ে নির্বাচিত কোনো সদস্য দলের সিদ্ধান্তের বাইরে ভোটদানে বিরত ছিল সেই প্রেক্ষিতে তিনি ৭০ আর্টিকেল অনুসারে সংসদে তার আসন শূন্যের জন্য চিঠি দিতে পারেন। তিনি যদি চিঠি না দেন তাহলে এমন কোনো বিধি নেই তার সংসদ সদস্য পদ শূন্য হওয়ার ক্ষেত্রে। বিরোধীয়দলীয় নেতার সম্মানার্থে আমরা সংসদের এই কমিটি থেকে তার নাম বাদ দিয়ে দেব। আমরা আর তার সম্পর্কে চর্চা করব না।
এরপর বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান দাঁড়িয়ে বলেন, আসলে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহদয় সংসদে থাকলে আমার কিছু কথা বলতে হয়। আর আমি কিছু বললে, ওনার কিছু বলতে হয়- এটা স্বাভাবিক। ৭০ অনুচ্ছেদে বলা আছে- দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে। ভোট দানে বিরত থাকলে এই কথাটি বল নেই, আমার জানা মতে। কাজেই এই ব্যাখ্যা এখানে প্রযোজ্য হবে না। তবে আমি ধন্যবাদ জানাই- আমি নৈতিক দিক থেকে যেটা ফিল করেছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী সেটাকে সমর্থন করেছেন- এজন্য ওনাকে মোবারকবাদ।
