Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জনের যে ব্যাখ্যা দিল মহানগর বিএনপি

Advertisement

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পিএম

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জনের যে ব্যাখ্যা দিল মহানগর বিএনপি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সিলেট মহানগর বিএনপির নেতারা। ছবি: যুগান্তর

Advertisement

আয়োজকদের স্বেচ্ছাচারিতা ও অবমূল্যায়নের কারণে সিলেট সিটি করপোরেশন (সিসিক) আয়োজিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান থেকে বিরত থাকার আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে মহানগর বিএনপি। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক যৌথ বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এ সংক্রান্ত দলীয় অবস্থান স্পষ্ট করেন।

তবে দলীয় নেতাকর্মীরা সংবর্ধনা ছাড়া রাষ্ট্রপতির বিমানবন্দরে অভ্যর্থনা, হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতসহ সব কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন এবং পরবর্তীতে সার্কিট হাউসে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি বিস্তারিত অবহিত করেছেন। 

বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, রাষ্ট্রপতির আগমনে সিলেটবাসী আনন্দিত ও উচ্ছ্বসিত এবং মহানগর বিএনপির উদ্যোগে নগরের প্রধান পয়েন্টগুলোতে রাষ্ট্রপতিকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তবে রাষ্ট্রপতির মতো সর্বোচ্চ সম্মানিত ব্যক্তির সংবর্ধনা আয়োজনে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর একক কর্তৃত্ব ও স্বেচ্ছাচারিতা আয়োজনটিকে বিতর্কিত করেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী ও সিলেট জেলা প্রশাসকের উপস্থিতিতে হওয়া দুই সভায় সর্বসম্মত নাগরিক কমিটি গঠনের বিষয়ে জোর দেওয়া হলেও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী তা তোয়াক্কা না করে দলীয় নেতাকর্মীদের উপেক্ষা করেছেন এবং দাওয়াতের ক্ষেত্রেও নিয়ম অনুসরণ করেননি। ফলে দলীয় শৃঙ্খলা রক্ষা ও প্রতিবাদের অংশ হিসেবে মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা সিসিকের এই সুধী সমাবেশ থেকে দূরে থাকেন। এ বিষয়ে কোনো প্রকার বিভ্রান্তি না ছড়াতে সংবাদমাধ্যম ও নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানান তারা। 

এদিকে মঙ্গলবার পরবর্তী সময়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সার্কিট হাউসে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি ও মহানগর বিএনপির শীর্ষ নেতারা। তারা সংবর্ধনা বর্জনের পেছনের প্রেক্ষাপট ও সিসিক প্রশাসকের মনোভাবের কথা সরাসরি রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। 

সাক্ষাৎকালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এবং সাবেক সাধারণ সম্পাদক ও জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে কথা বলতে চাইলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম