আট দফা না মানলে এক দফা হবে: জামায়াত আমিরের হুঙ্কার
Advertisement
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পিএম
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের পথসভায় ডা. শফিকুর রহমান। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের ৮ দফা দাবি মেনে না নিলে তা এক দফার আন্দোলনে পরিণত হতে পারে। তখন আন্দোলন আরও কঠোর হবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনগণের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, প্রচণ্ড রোদ ও গরমে আপনারা যে আন্দোলনে নেমেছেন, আপনাদের এই অবস্থা দেখে আমি গভীরভাবে আশ্বস্ত হয়েছি। আমরা এই আন্দোলনে বিজয়ী হয়ে ঘরে ফিরব।
পথসভায় সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মো. শাহিনুর আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জুসহ ১১ দলীয় ঐক্যের নেতারা।
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্য এই লংমার্চের আয়োজন করে।

-6aae50a6519b8.jpg)