রাশেদ খানের পোস্ট
ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও ‘গুপ্ত’ বানিয়ে দেবে ছাত্রলীগ
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও ‘গুপ্ত’ বানিয়ে দেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে রাশেদ খান বলেন, ‘ছাত্রলীগের ভয়ে যারা একসময় গোপনে ছিল কিংবা ছাত্রলীগ হয়ে বেঁচে ছিল, তারা কীভাবে ছাত্রদলকে পিটিয়ে রাজশাহীছাড়া করতে চায়? ছাত্রদল রাজপথে না থাকলে তো ছাত্রলীগ জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও গুপ্ত বানিয়ে দেবে। এই বাস্তবতা কেন এরা বুঝতে চায় না?’
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, ‘দেখেন, এরা বিরোধী দল হয়েই কুত্তার মতো পিটিয়ে সরকারি দলের লোকজনকে এলাকা ছাড়া করতে চায়, ভবিষ্যতে ক্ষমতায় গেলে কি করবে, তা নিশ্চয়ই অননুমেয় না?’
জামায়াত-শিবিরের সমালোচনা করে রাশেদ খান বলেন, ‘বিরোধী দল হয়েই জামায়াত-শিবির মজলুম থেকে জালিম হয়ে গেছে। সুতরাং, জামায়াত জালিমের পরিণতি আওয়ামী জালিমের মতোই হবে!’
তিনি বলেন, ‘এদেরকে কাঁচুমাচু করে দেশ পরিচালনার সুযোগ নেই। শেখ হাসিনা যেমন বলেছিলেন বিএনপিকে এক দিনও শান্তিতে দেশ চালাতে দেবেন না, জামায়াত-শিবিরও একই পথ অনুসরণ করছে।’
তিনি আরও বলেন, ‘জামায়াত-শিবিরের লাগাম টেনে না ধরলে এরা শেখ হাসিনার থেকেও ভয়ংকর হয়ে উঠবে।’

