Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

স্বাধীন দেশের আইনশৃঙ্খলা এমন হতে পারে না: সিলেটে শফিকুর রহমান

Advertisement

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পিএম

স্বাধীন দেশের আইনশৃঙ্খলা এমন হতে পারে না: সিলেটে শফিকুর রহমান

সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা

Advertisement

স্বাধীন-সার্বভৌম একটি দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই এভাবে চলতে পারে না বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।

বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছে না এবং আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

বর্তমান নির্বাচন কমিশনকে ‘মেরুদণ্ডহীন’ উল্লেখ করে তিনি বলেন, এই কমিশনের ব্যর্থতার কারণেই স্থানীয় সরকার নির্বাচন পেছানো হয়েছে।

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির জানান, আন্তর্জাতিক বা স্থানীয় বাজারে মূল্যবৃদ্ধির প্রভাবে এরই মধ্যে দ্রব্যমূল্য ও পরিবহণ খাতে সাধারণ মানুষের ওপর চরম বোঝা তৈরি হয়েছে। অথচ বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় জামায়াতের বিশেষজ্ঞ দলের প্রদত্ত সুপারিশ ও পরিকল্পনা সরকার গ্রহণ করেনি।

তিনি স্পষ্ট করে বলেন, জামায়াত বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালন করলেও কোনো ধরনের অগ্নিসংযোগ বা ভাঙচুরের মতো সহিংস কর্মকাণ্ডে লিপ্ত নয় এবং সরকারকে শান্ত ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।

অন্যদিকে একই দিনে নগরীর আমান উল্লাহ কনভেনশন হলে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ অর্জন উপলক্ষে আয়োজিত উদযাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. শফিকুর রহমান এমপি।

সেখানে তিনি বলেন, নানা প্রতিকূলতা পেরিয়ে দেশের শতাধিক প্রতিষ্ঠানের মধ্যে মাত্র আটটির তালিকায় অন্তর্ভুক্ত হয়ে এই অ্যাক্রেডিটেশন অর্জন গৌরবের মাইলফলক হলেও তা ধরে রাখা ও মর্যাদা রক্ষা করা আরও কঠিন দায়িত্বের বিষয়।

সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. শাহানা ফেরদৌসের সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক ডা. হোসাইন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী, হলি সিলেট হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. ফজলুর রহিম কায়সার, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এমএ মতিন ও মো. ফখরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অধ্যাপক ডা. ওয়েছ আহমদ চৌধুরী, হাসপাতালের পরিচালক ও উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ইফতেখার উদ্দিন চৌধুরী এবং উদ্যোক্তা পরিচালক এমদাদ হোসেন চৌধুরী।

এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. তহুর আব্দুল্লাহ চৌধুরী এবং পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মুয়াজ্জিন মাওলানা জাদুল আহমদ।

সকালে কলেজ ক্যাম্পাসে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি ও কেক কাটার মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম