হিন্দু সম্প্রদায়কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার হতে দেওয়া হবে না: এনসিপি
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ এএম
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ বলেছেন, এ দেশে হিন্দু সম্প্রদায় সমান মর্যাদা ও অধিকার নিয়ে বসবাস করবে। কোনো দলের রাজনৈতিক স্বার্থে আর কখনো হিন্দু ধর্মাবলম্বীদের ব্যবহার হতে দেওয়া হবে না।
সোমবার (১৯ অক্টোবর) সকালে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ এসব কথা বলেন।
মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এমপি, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য নুসরাত তাবাসসুম এমপি এবং যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ প্রমুখ।
এ ছাড়াও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
শুরুতে এনসিপি নেতৃবৃন্দ পুরো মন্ডপ ঘুরে দেখেন এবং পূজা অর্চনা পরিদর্শন করেন।
পরে আয়োজিত বক্তব্যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় সমান মর্যাদা ও অধিকার নিয়ে থাকবে মন্তব্য করে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন সারাদেশের সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘সব ধর্মের মানুষ মিলে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান—দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। আমরা কোনো অপ্রীতিকর ঘটনা দেখতে চাই না।’
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘যারা বিভিন্ন সময় হিন্দু ধর্মাবলম্বীদের হীনস্বার্থে ব্যবহার করেছে এবং সম্পত্তি দখল করেছে, তারা এই দেশের জন্য ক্ষতিকর ও অশুভ শক্তি। তাদের বিনাশে কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘অনেকের সম্পত্তি বেদখল হয়ে গেছে এবং অনেকে কষ্ট নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছেন। আমরা ক্ষমতায় গেলে সবার সম্পত্তি ফিরিয়ে দিতে কাজ করব। পাশাপাশি বর্তমান সরকার যেন এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়, সে দাবি আমরা সংসদ ও রাজপথে তুলে ধরব।’
এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার জানান, সংখ্যালঘু ধর্মাবলম্বী বাংলাদেশিদের অধিকার রক্ষায় এনসিপি সম্প্রতি ‘ন্যাশনাল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এলায়েন্স’ গঠন করেছে। দেশের প্রতিটি নাগরিক যেন সমমর্যাদা নিয়ে বাঁচতে পারে, সেই রাজনীতিই করে যাচ্ছে এনসিপি।

