এনসিপির জেলা কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে হট্টগোল
Advertisement
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৮:১২ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত জেলা কমিটির পরিচিতি সভা ও সংবাদ সম্মেলনে হট্টগোলের ঘটনা ঘটেছে। বিভিন্ন উপজেলায় গঠিত কমিটি ও জেলা কমিটির পদ-পদবি নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিলে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে অনুষ্ঠানের কার্যক্রম।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকালে নেত্রকোনা জেলা প্রেস ক্লাব মিলনায়তনে নবগঠিত জেলা কমিটির উদ্যোগে এ পরিচিতি সভা ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) মো. প্রীতম মিয়া সোহাগ, জেলা কমিটির সাবেক সদস্য সচিব ফাহিম রহমান খান পাঠান, নবগঠিত জেলা কমিটির আহ্বায়ক ইফতেখার শামীম, সদস্য সচিব তারিক জামিল ফয়েজীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন উপজেলায় গঠিত কমিটি এবং এসব কমিটিতে দেওয়া পদ-পদবি নিয়ে কয়েকজন নেতাকর্মী অসন্তোষ প্রকাশ করেন। এ নিয়ে একপর্যায়ে সভাস্থলে হট্টগোলের সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মঞ্চে থাকা সিনিয়র নেতারা নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করেন।
হট্টগোলের কারণে প্রায় এক ঘণ্টা পরিচিতি সভার কার্যক্রম বন্ধ থাকে। পরে দলের সিনিয়র নেতারা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর পুনরায় পরিচিতি সভা ও সংবাদ সম্মেলনের কার্যক্রম শুরু হয়।
দলীয় সূত্রে জানা গেছে, নবগঠিত জেলা কমিটিকে কেন্দ্র করে তৃণমূলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে পদ-পদবি ও কমিটি গঠন নিয়ে কিছু অসন্তোষ তৈরি হয়েছে। অনুষ্ঠানে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কয়েকজন নেতাকর্মী। তবে পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং নির্ধারিত কর্মসূচি সম্পন্ন করা হয়।
হট্টগোলের বিষয়ে জানতে চাইলে সদস্য সচিব তারিক জামিল ফয়েজী বলেন, নতুন কমিটি হয়েছে। এতে অনেকেই বাদ পড়েছেন। এজন্য প্রথমে একটু উত্তেজনা বিরাজ করলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এর আগে গত ১৯ অক্টোবর কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত ৬৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

