চট্টগ্রাম নগর ছাত্রদল সভাপতি সিরাজ জেলগেট থেকে ফের গ্রেফতার
Advertisement
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯, ০১:৪৭ পিএম
গাজী সিরাজ উল্লাহ। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সাড়ে তিন মাস কারাভোগ করে জামিনে মুক্তি পাওয়ার পর ফের জেলগেট থেকে গ্রেফতার হয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্রদল সভাপতি গাজী সিরাজ উল্লাহ।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে সোমবার সন্ধ্যায় জামিনে মুক্তি পান গাজী সিরাজ। কারাগার থেকে বের হওয়ার পরপরই কারাফটকেই তাকে ফের গ্রেফতা করে মহানগর গোয়েন্দা পুলিশ। আরও দুটি মামলায় আজ তাকে মুখ্য মহানগর হাকিম আদালতে তোলা হচ্ছে।
ছাত্রদল নেতা গাজী সিরাজ শতাধিক মামলার আসামি। এর মধ্যে ৩৭টি মামলায় জামিন পেয়েছেন তিনি।
এসব মামলায় গত ৯ জুলাই তাকে নগরের চকবাজার থেকে গ্রেফতার করা হয়েছিল। সাড়ে তিন মাস কারাগারে থেকে সোমবার মুক্তি পেয়েছিলেন।
বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন সেই সময় জানিয়েছিলেন, ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। গাজী সিরাজ নাশকতার মামলায় বাকলিয়া থানায় দায়ের হওয়া ১২টি মামলার আসামি। এর মধ্যে ৬টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তিনি। ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা ও নগরের বিভিন্ন থানায় গাজী মো. সিরাজ উল্লাহর বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে।
গাজী সিরাজকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে নগর বিএনপি।
প্রসঙ্গত, ২০১৩ সালের ২১ জুলাই সর্বশেষ চট্টগ্রাম মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। ১১ সদস্যের ওই কমিটিতে গাজী সিরাজ সভাপতি নির্বাচিত হন। তবে বর্তমানে তিনি মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক।
