আচরণবিধি লঙ্ঘন: গাজীপুরে স্বতন্ত্র প্রার্থী বুদ্দিনকে ৪০ হাজার টাকা জরিমানা
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৩, ০২:৪৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন বুদ্দিনকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ৪০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি। তিনি এবার গাজীপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। দলীয় টিকিট না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
কাজী আলিম উদ্দিন বুদ্দিন ২০০৯ সালে আওয়ামী লীগ থেকে গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে বিএনপি প্রার্থীর কাছে পরাজিত হন।
গাজীপুর সিটি করপোরেশনের ১৯ থেকে ৩৯ নম্বর ওয়ার্ড, ৪৩ থেকে ৫৭ নম্বর ওয়ার্ড এবং গাজীপুর ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত গাজীপুর-২ সদর আসন। এই আসনের টানা চারবারের সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি এবারও নৌকার টিকিট পেয়েছেন।
গাজীপুরের গুরুত্বপূর্ণ এই আসনে আরও প্রার্থী হয়েছেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম (স্বতন্ত্র), জাতীয় পার্টির প্রার্থী জয়নাল আবেদীন, জাকের পার্টির প্রার্থী রিনা রহমান, ন্যাশনাল পার্টির কাজী হাসিবুর রহমান, বাংলাদেশ সুপ্রিম পার্টির এস এম জাহাঙ্গীর আলম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আমির হোসাইন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের সৈয়দ আবু দাউদ মছনবী এবং বাংলাদেশ কংগ্রেসের রেহেনা আক্তার।
স্বতন্ত্র প্রার্থী বুদ্দিনের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, রোববার সন্ধ্যায় গাজীপুর সদরের সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি সভা করেন বুদ্দিন।
সভা শেষে সভাপ্রধানকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন এ জরিমানা করেন।
এই সভায় বুদ্দিনের পক্ষে বক্তৃতা করেন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।
জানতে চাইলে গাজীপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, 'আচরণবিধি পর্যবেক্ষণে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেটদের একাধিক টিম কাজ করছে। রোববার রাতে স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে কাজী আলিম উদ্দিন বুদ্দিন গণমাধ্যমকে বলেন, 'আমি সভা শেষ করে চলে এসেছি। পরে জরিমানা হয়েছে শুনেছি।'
