Logo
Logo
×

Advertisement

অন্যান্য

বাংলাদেশ নিয়ে এখ‌নো ষড়যন্ত্র চলছে: হাসনাত

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১০:২৮ পিএম

বাংলাদেশ নিয়ে এখ‌নো ষড়যন্ত্র চলছে: হাসনাত

Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বাংলাদে‌শ নিয়ে এখ‌নো ষড়যন্ত্র চলছে। আমরা সব ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যাব। গত দেড় দশক ধরে দে‌শে ইসলামিক পড়াশোনার ওপর নজরদারি করে রাখা হয়েছিল। মাদ্রাসাগুলোকে দ্বিতীয় গ্রেডের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রাখা হয়েছে। আলেম-ওলামাদেরকে সব সময় বঞ্চিত করে রাখা হয়েছে। তারা বিভিন্ন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে জেলে যেতে হয়েছে। আমরা এ থেকে মুক্ত হয়েছি। আলেম-ওলামারা বাকস্বাধীনতা পেয়েছেন। তারা এখন স্বাধীন ভাবে কথা বলতে পারে।

বুধবার সন্ধ্যায় কুমিল্লার দে‌বিদ্বার সুজাত আলী সরকারি ক‌লেজ মা‌ঠে জাতীয় নাগ‌রিক পা‌র্টি আ‌য়ো‌জিত হিফজুল কুরআন প্রতি‌যোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠা‌নে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা ব‌লেন। 

তিনি বলেন, আমরা ৫ অগাস্ট পরবর্তী বাংলাদেশটাকে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হি‌সে‌বে তৈরি করতে পেরেছি। দে‌শে এখ‌নো দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, এরপরও আমরা যারা ধর্মপ্রাণ মুসলিম আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি। সাম্প্রদায়িক উসকানি সবসময় আমাদেরকে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন সিলেটে আমাদের এক ভাইকে, সাম্প্রদায়িক উসকানির মধ্য দিয়ে কুপিয়ে মেরে ফেলা হয়েছে। ভবিষ্যতের জন্য আপনাদের সবাইকে সতর্ক করে দিচ্ছি- বিভিন্নভাবে আপনাদেরকে ব্যবহার করা হতে পারে। আমরা অতীতে যেভাবে পরম সহিষ্ণুতার পরিচয় দিয়েছি, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির যে পরিচয় দিয়েছি, আমরা ভবিষ্যতেও এই সাম্প্রদায়িক সম্প্রীতির পরিচয় অব্যাহত রাখব।

দে‌বিদ্বা‌রের উপ‌স্থিত মানু‌ষকে উদ্দেশ ক‌রে তি‌নি ব‌লেন, আমাদের দেবিদ্বা‌রে বিভিন্ন ধর্মের মানুষ আছেন, আমরা যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী দল-মত নির্বিশেষে, বিভিন্ন ধর্মমত নির্বিশেষে, আমরা সম্প্রীতির মধ্য দিয়ে দেবিদ্বারে বসবাস করে আসছি। আমি প্রত্যাশা করব আমরা এ সম্প্রীতি যেন ধরে রাখতে পারি। বাংলাদেশে যে প্রধানতম দলটি গড়ে উঠবে, সেটি হচ্ছে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি। কুমিল্লার যতগুলো আসন রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য আসনটি হচ্ছে দেবিদ্বার। আমরা প্রত্যাশা করব, সে আসনটি, খুব শিগগিরই এনসিপির আসন হিসেবে বিবেচিত হবে এবং সেটির জন্য আপনাদের সহায়তা চাই। এখানে শিক্ষক রয়েছেন, আলেম-ওলামা রয়েছেন, খেটে খাওয়া মানুষ রয়েছেন, সিএনজিচালকরা রয়েছেন, কামার-কুমার, তাঁতি, রাজমিস্ত্রিরা রয়েছেন, আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই, আমরা আপনাদেরকে সঙ্গে নিয়ে, পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব।

এ সময় অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন- রামপুর জামিয়া ইসলামিয়া কাসেমুল উলুমের মুহতা‌মিম হাফেজ মাওলানা লোকমান, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মস‌জি‌দের খ‌তিব হাফেজ মাওলানা নাজির মাহমুদ, তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসার মুহতা‌মিম হাফেজ ক্বারি নাজমুল হাসানসহ দেবিদ্বারের সর্বস্তরের মানুষ।

Advertisement

জাতীয় নাগরিক পার্টি এনসিপি হাসনাত আব্দুল্লাহ

Advertisement

আরও পড়ুন

ছাত্রদল থেকেই আমার রাজনৈতিক শিক্ষার শুরু: আমজনতা দলের তারেক

ছাত্রদল থেকেই আমার রাজনৈতিক শিক্ষার শুরু: আমজনতা দলের তারেক

দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ১১ দলীয় ঐক্যের বৈঠক

দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ১১ দলীয় ঐক্যের বৈঠক

এনসিপির নতুন সংগঠনে যে দায়িত্ব পেলেন মহিউদ্দিন রনি

এনসিপির নতুন সংগঠনে যে দায়িত্ব পেলেন মহিউদ্দিন রনি

পিরোজপুরে লাশ দাফনে বাধা, যা বললেন নাহিদ ইসলাম

পিরোজপুরে লাশ দাফনে বাধা, যা বললেন নাহিদ ইসলাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম