সংবাদ সম্মেলনে অভিযোগ
মুক্তিযোদ্ধাদের প্রতি অবিচার ও বৈষম্য করা হচ্ছে
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১০:১৯ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদকে কুক্ষিগত করে ভুয়া মুক্তিযোদ্ধাদের আখড়া বানিয়েছেন, তেমনি অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে কতিপয় বিতর্কিত মানুষদের কারণে দেশের অন্যান্য মুক্তিযোদ্ধাদের প্রতি অবিচার ও বৈষম্য করা হচ্ছে। এ অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তৃতায় ইসতিয়াক আজিজ উলফাত বলেন, ১৯৭২ সালের মে মাসে মুক্তিযোদ্ধাদের সংগঠন হিসাবে ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ’ প্রতিষ্ঠা হয়েছিল। ১৯৭২ সালের মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন এবং পরবর্তী সংশোধনীগুলোর মাধ্যমে এটি চালিত হয়। বিএনপি করে এমন কেউ এই সংসদের সদস্য হতে পারবেন না এমন তো কোনো আইন নেই। কিন্তু তারা বর্তমান সময়ে যেভাবে নতুন সদস্য ও কমিটিগুলো করেছে, তাতে মনে হচ্ছে মুক্তিযোদ্ধা কিন্তু বিএনপি করে এমন কেউ সদস্য হতে পারবেন না।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি নজরুল ইসলাম, যুদ্ধকালীন কমান্ডার শহীদ বাবলু, মো. মোবারক, শরীফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ।
