Logo
Logo
×

রাজনীতি

নুরের উপর হামলা

ঘটনায় ৪ দিন পেরিয়ে গেলেও সরকার কোন ব্যবস্থা নেয়নি: আবু হানিফ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৭ পিএম

ঘটনায় ৪ দিন পেরিয়ে গেলেও সরকার কোন ব্যবস্থা নেয়নি: আবু হানিফ

বক্তব্য রাখছেন আবু হানিফ। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার চার দিন পেরিয়ে গেলেও সরকার কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের নেতারা।

এই ঘটনার বিচার ও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করে ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ শাখা।

আবু হানিফের অভিযোগ

সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, ‘নুরুল হক নুরসহ নেতাকর্মীদের উপর হামলার ৪ দিন পেরিয়ে গেলেও সরকার দোষীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। গত শুক্রবার রাতে পুলিশ সেনাবাহিনী যৌথভাবে হামলা করে। এসময় নুরুল হক নুর, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসানসহ কমপক্ষে ১৫-২০ মারাত্মক হয়। এছাড়াও আরও ৭০-৮০ জন আহত হয়। মারাত্মক ভাবে আহত হয়ে তিন দিন আইসিইউতে ছিলেন নুর। এখনও নুরুল হক নুরসহ বিভিন্ন হাসপাতালে ৮ জন ভর্তি আছে।’


‘সেনাবাহিনী ও পুলিশের হামলার স্পষ্ট ভিডিও থাকার পরও সরকার কারও বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। শনিবার সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। একই দিন ডিএমপি পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় পুলিশের ভূমিকা তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।  ঘটনার ৪ দিন পেরিয়ে গেলেও সরকার কিংবা ডিএমপি কোন তদন্ত কমিটি গঠন করে নাই’। 

তিনি আরও বলেন, ‘পুলিশ ও সেনাবাহিনীর কোন কোন সদস্য নুরকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছিলো,তাদের কারও বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি সরকার। সরকারের মুখের কথার সাথে বাস্তবতার কোন মিল নাই। সরকারের আন্তরিকতা নিয়ে বড় প্রশ্ন দেখা দিচ্ছে, এক্ষেত্রে স্পষ্ট যে হামলায় জড়িতদের বাঁচানোর চেষ্টা চলছে। নুরুল হক নুরের উপর হামলায় ঘটনায় অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এবং হামলায় জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।’

অন্যান্য নেতাদের বক্তব্য

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আব্দুজ জাহের বলেন, ‘সরকার আমাদের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় এসেছে। কার্যকর ব্যবস্থা না নিলে আগামী সপ্তাহ থেকে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে। ভিপি নুরের ওপর হামলার নির্দেশ ভারত থেকে এসেছে। নির্দেশদাতা ব্রিগেডিয়ার শামস আল মামুনকে গ্রেফতার করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে’।

ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী তোহা বলেন, “আমরা হাসিনাকে সরাতে ৩৬ দিন সময় নিয়েছিলাম। বর্তমান সরকারও সাবধান হয়ে যাক, তা না হলে পরিণতি ভয়াবহ হবে। ছাত্রসমাজ এবার ছাড় দেবে না।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুজাহিদ মিজান, সাধারণ সম্পাদক হাসিব মল্লিক, এম আই রাসেল, ওমর ফারুক ফরাজি, জাহিদুল ইসলাম, আর্বি হোসেন শাওন, রাকিব প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম