ইইউ নেতাদের প্রতি ১৩০ সংস্থা ও বিশেষজ্ঞের আহ্বান
শিশুদের নয়, সোশ্যাল মিডিয়াকে বাগে আনুন
Advertisement
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পিএম
ছবি: এআই
|
ফলো করুন |
|
|---|---|
শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা না দিয়ে বরং তাদের ব্যবহারের আগেই এসব প্ল্যাটফর্মকে নিরাপদ করতে প্রযুক্তি জায়ান্টদের বাধ্য করা উচিত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)। ফরাসি বার্তা সংস্থা এএফপির কাছে পাঠানো এক চিঠিতে ইইউ নেতাদের প্রতি এমন আহ্বান জানিয়েছেন ১৩০টিরও বেশি সংস্থা ও বিশেষজ্ঞ।
ক্ষতিকর কনটেন্ট এবং আসক্তিকর অ্যাপ থেকে কীভাবে শিশুদের অনলাইন সুরক্ষাকে আরও জোরদার করা যায়—ইইউ প্রধান উরসুলা ফন ডার লেইন তা ঘোষণা করার ঠিক এক সপ্তাহ আগে এই আহ্বান এলো।
ধারণা করা হচ্ছে, তিনি একটি নির্দিষ্ট বয়সসীমা নির্ধারণের ঘোষণা দেবেন। তবে নিষেধাজ্ঞা কেবল সামাজিক যোগাযোগমাধ্যমেই সীমাবদ্ধ থাকবে, নাকি গেমিং অ্যাপের মতো অন্যান্য প্ল্যাটফর্মেও প্রযোজ্য হবে—সে বিষয়ে ইউরোপীয় কর্মকর্তারা বিস্তারিত কিছু জানাননি।
এর আগে গত জুলাইয়ে উরসুলা ফন ডার লেইন সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুদের পর্যায়ক্রমিক প্রবেশাধিকার এবং ডিফল্টভাবেই প্ল্যাটফর্মগুলোতে সুরক্ষাব্যবস্থা চালু রাখার বিষয়ে নিজের সমর্থনের কথা জানান।
এবার উরসুলা ফন ডার লেইনের কাছে পাঠানো এক খোলা চিঠিতে শিশু অধিকার, ডিজিটাল অধিকার ও মানসিক স্বাস্থ্যবিষয়ক ১৩২টি সংস্থা ও বিশেষজ্ঞ ঢালাও নিষেধাজ্ঞার বিরোধিতা করেছেন। তাদের মতে, এমন পদক্ষেপের ফলে নিরাপত্তা রক্ষার পুরো দায়ভার অভিভাবক ও শিশুদের ওপর চেপে বসে।
চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছে শিশুদের অনলাইন অধিকার রক্ষার সংগঠন ফাইভ রাইটস ফাউন্ডেশন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেটসহ আরও অনেকে। তারা ইউরোপজুড়ে একটি সুনির্দিষ্ট ডিজিটাল নিরাপত্তাকাঠামো তৈরির তাগিদ দেন।
বিশেষজ্ঞরা যুক্তি দিয়ে বলেন, শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকতে না দিয়ে বরং তাদের ব্যবহৃত প্রযুক্তির নিরাপত্তার ওপর জোর দেওয়া উচিত ইইউর। আর তা বাস্তবায়নে জোটটির নিজস্ব ‘ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট’ কঠোরভাবে প্রয়োগ করা প্রয়োজন।
চিঠিতে তারা লেখেন, ‘বয়সভেদে যৌক্তিক বিধিনিষেধের পাশাপাশি ডিজিটাল মাধ্যমে শক্ত নিরাপত্তা ব্যবস্থা চালু রাখতে হবে, যেন ডিজাইন ও ডিফল্ট সেটিংসের শুরু থেকেই শিশুরা সুরক্ষিত থাকে এবং ডিজিটাল দুনিয়ার সুফল পেতে পারে।’
সামাজিক যোগাযোগমাধ্যম নিরাপদ করার দাবি
চিঠিতে ১৮ বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য যেকোনো ডিজিটাল পণ্য ও সেবা ‘নিরাপদ’ হিসেবে গণ্য করার নির্দিষ্ট কিছু ন্যূনতম মানদণ্ড ও শর্ত নির্ধারণের সুপারিশ করা হয়। সেই সঙ্গে ঝুঁকিপূর্ণ ফিচারগুলোতে বয়সভিত্তিক নিয়ন্ত্রণ আরোপের কথা বলা হয়।
ফাইভ রাইটস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লিন্ডা ব্যারিংটন-লিচ বলেন, ‘প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যেভাবে শিশুদের নাগালের মধ্যে পেয়ে ফায়দা লুটছে, তাতে ইউরোপের মানুষ ক্লান্ত। কিন্তু আমাদের নেতাদের কাছ থেকেও আমরা আরও দায়িত্বশীল আচরণ আশা করি, শুধু সাময়িক নিষেধাজ্ঞা দিয়ে শিশুদের আটকে রাখা কোনো সমাধান নয়।’
তিনি আরও বলেন, ‘শিশুদের জন্য নিরাপদ ও বয়স উপযোগী ডিজিটাল সেবা দরকার, এবং এটা তাদের প্রাপ্য। ইইউর সেই ক্ষমতা আছে যাতে তারা একটি মানদণ্ড ঠিক করে দেবে এবং শিশুরা সেবা ব্যবহারের আগেই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে প্রমাণ করতে হবে যে তারা সেই মানদণ্ড পূরণ করেছে।’
