ইউটিউবে সস্তা জনপ্রিয়তা পেতে বাংলা গানের ‘বিকৃতি’
Advertisement
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ১৩ মে ২০১৯, ০১:১৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বর্তমান সময়ে ইউটিউব শিক্ষা-বিনোদনের এক অনন্য মাধ্যমে পরিণত হয়েছে। ইউটিউবে চ্যানেল তৈরি করে বাংলাদেশের অনেকেই স্বাধীনভাবে কাজ করার পাশাপাশি আয়ও করছেন।
ইউটিউবে সুস্থ বিনোদন আর সৃজনশীল কাজের মাধ্যমে অনেকেই যেমন জনপ্রিয় হচ্ছেন, আবার অনেকেই নিন্দাও কুড়াচ্ছেন।
এই তো চলতি বছরের শুরুতে বিতর্কিত ভিডিও প্রকাশের জন্য ভিডিও ব্লগার সালমান মুক্তাদিরকে আটক করেছিল ডিএমপির সাইবার ক্রাইম ইউনিট।
তবে ইউটিউবে স্বাধীনভাবে কাজ আর আয়ের সুযোগ থাকায় অনেকেই সৃজনশীলতা বাদ দিয়ে এটাকে সস্তা জনপ্রিয়তা অর্জনের মাধ্যম হিসেবেও ব্যবহার করছেন।
এ রকম একটি ইউটিউব চ্যানেলের নাম হলো ‘ফারিমন’। চ্যানেলটি একদল তরুণের কণ্ঠে গাওয়া অনেকগুলো গান প্রকাশ করেছে; যার অধিকাংশ গানই বাংলা-হিন্দি মিশেলে গাওয়া। এক-দুটি বাংলা গানের সঙ্গে ইংলিশ গানের লিরিকও রয়েছে।
তবে এসব গানের কোনোটাই তাদের নিজস্ব নয়। বাংলাদেশের বিখ্যাত শিল্পীদের জনপ্রিয় গানগুলোর সঙ্গে তারা হিন্দি গান মিক্সড করে গেয়েছেন।
সদ্য প্রয়াত বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীর গাওয়া একটি জনপ্রিয় গান ‘এক যে ছিল সোনার কইন্যা’ ‘যাচ্ছেতাইভাবে’ গেয়েছেন তারা। এ গানটিও বাংলা-হিন্দি মিশেলে গাওয়া হয়েছে।
গত বছর প্রকাশ করা এ গানটি সম্প্রতি নজরে আসে সুবীর নন্দীর মেয়ে ফাল্গুনী নন্দীর।
জনপ্রিয় এ গানটি ‘বিকৃতভাবে’ পরিবেশন করায় ফেসবুকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
তরুণদের কণ্ঠে গাওয়া ওই গানটি শেয়ার করে ফেসবুক পোস্টে ফাল্গুনী নন্দী লিখেছেন- ‘একজন শিল্পীর গান এমনভাবে গাওয়ার আগে সেই শিল্পী, সুরকার ও গীতিকারের অনুমতি নেয়া উচিত। প্রথম ভাবলাম আর তারপর যা শুনলাম, তা আসলে খুব খারাপ লেগেছে। এইভাবে পরিবেশন করলে খুব ভালো ইউটিউবার হতে পারবেন, কিন্তু কোটি কোটি মনে থাকতে পারবেন না।
এই সুন্দর গান শেষ করার অধিকার আপনাদের কেউ দেয়নি। যদি পারেন, এমন গান নিজেরা করেন, তারপর ইউটিউবে ছাড়েন। ভুলে যাবেন না কত শ্রম, চিন্তা, ভালো লাগা, সময়ের বিনিময়ে গানগুলো জন্ম নেয়। আপনাদের সস্তা জনপ্রিয়তার জন্য নয়। প্রতিভার সম্মান রেখেই বলছি।’

উল্লেখ্য, হুমায়ূন আহমেদের কথা ও মকসুদ জামিল মিন্টুর সুরে ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রের এই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন সুবীর নন্দী। গানটি পেয়েছিল বিপুল জনপ্রিয়তা, এখনও অনেকের কণ্ঠে ফেরে এ গান।
‘ফারমিন’ ইউটিউব চ্যানেলে ঢুকে দেখা যায়, কণ্ঠশিল্পী অর্ণবের ‘সে যে বসে আছে একা একা’ গানটির সঙ্গে তাল মিলিয়ে তারা একটি ইংলিশ গান গেয়েছেন।
শিল্পী আব্দুর রহমান বয়াতির ‘মন আমার দেহ ঘড়ি সন্ধান করি বানাইয়াছে কোন মেস্তরি’গানটির সঙ্গে হিন্দি গানের সংমিশ্রণ করা হয়েছে।
এ ছাড়া শিল্পী মুজিব পরদেশীর ‘প্রথম দেখার কালে বন্ধু, কথা দিয়েছিলে...’ গানটিও একইভাবে ভঙ্গিতে গাওয়া হয়েছে।
বিষয়টি নিয়ে ‘ফারমিন’ইউটিউব চ্যানেলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
