Logo
Logo
×
   

খেলা

ক্যারিকের প্রথম ম্যাচেই সিটিকে হারিয়ে দিল ম্যানইউ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৯:০৯ পিএম

ক্যারিকের প্রথম ম্যাচেই সিটিকে হারিয়ে দিল ম্যানইউ

প্রথম গোলটা করে ইউনাইটেডের স্বপ্নের জয়ের পথটা খুলে দেন ব্রায়ান এমবেউমো/সংগৃহীত

নতুন কোচ মাইকেল ক্যারিক দায়িত্ব নিয়েছেন তিন দিন হলো। এরই মধ্যে যেন ম্যানচেস্টার ইউনাইটেড আমূল বদলে গেল! শুরু থেকে শেষ পর্যন্ত সিটির ওপর ছড়ি ঘোরাল, জয় তুলে নিল ২-০ গোল! এক সপ্তাহ আগে হলেও কোনো পাঁড় ইউনাইটেড ভক্ত কি তা কল্পনাও করতে পারতেন? মাইকেল ক্যারিকের ইউনাইটেড সেটাই বাস্তবে রূপ দিয়ে দেখাল।

ক্যারিকের আক্রমণনির্ভর দল মাঠে নামতেই বদলে যায় চিত্র। দ্বিতীয়ার্ধে ব্রায়ান এমবেউমো আর প্যাট্রিক ডর্গুর গোল ইউনাইটেডের আধিপত্য স্পষ্ট করে। ওদিকে সিটি খেলেছে হতাশাজাগানিয়া ফুটবল। তাদের শিরোপার আশা বড় ধাক্কা খায় তাতে।

আফ্রিকা কাপ অব নেশনস শেষ করে ফেরা এমবেউমো ৬৫ মিনিটে দারুণ ফিনিশে গোল করেন। ১০ মিনিট পর মাতেউস কুনিয়ার ক্রসে ঠিক জায়গায় ছিলেন ডর্গু। তিনি গোল করে গ্যালারিতে উৎসব শুরু করেন।

সিটির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা না থাকলে ব্যবধান আরও বড় হতে পারত। তিনটি গোল বাতিল হয় ইউনাইটেডের। সিটি খুব কমই আক্রমণে উঠতে পেরেছে। গোলমেশিন আর্লিং হলান্ড প্রায় সুযোগই পাননি।

এই হার সিটির জন্য অপমানজনকও বটে। একই সঙ্গে প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে বড় ক্ষতি হলো। শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ নষ্ট হয়। নটিংহাম ফরেস্টের বিপক্ষে আর্সেনাল জিতলে ব্যবধান বেড়ে নয় পয়েন্টও হতে পারে।

অন্যদিকে ইউনাইটেডের জন্য এর চেয়ে ভালো কোনো ফল হতেই পারত না। ক্যারিকের অধীনে দলটি সাময়িকভাবে উঠে আসে চতুর্থ স্থানে। ওল্ড ট্র্যাফোর্ডে নতুন আশার আলো দেখল লাল শিবির।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .