Logo
Logo
×
   

Advertisement

খেলা

বাগে পেয়েও ভারতকে হারাতে পারল না বাংলাদেশ

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১২:২১ এএম

বাগে পেয়েও ভারতকে হারাতে পারল না বাংলাদেশ

শেষ ৪০ রানে ৮ উইকেট খুইয়ে হেরেছে বাংলাদেশ/ছবি-সংগৃহীত

Advertisement

বুলাওয়েতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে নাটকীয় হার দেখল বাংলাদেশ। ভারতের বিপক্ষে ডিএলএস পদ্ধতিতে ১৮ রানে হারে লাল-সবুজের দল। জয়ের পথে থেকেও শেষ পর্যন্ত ব্যাটিং ধসে ম্যাচ হারে বাংলাদেশ।

বৃষ্টির কারণে ম্যাচে পরিবর্তন আসে। বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২৯ ওভারে ১৬৫ রান। শুরুটা ভালোই ছিল। ১৭.২ ওভারে দলের রান ছিল ৯০। উইকেট পড়েছিল মাত্র দুইটি। তখনও হাতে ছিল সময়। প্রয়োজন ছিল ৭০ বলে ৭৫ রান।

এরপরই বদলে যায় ম্যাচ। ওভারপ্রতি ৬.৫ রানকে খুব বড় কিছু মনে করেই হয়তো, দ্রুত রান তুলতে গেলেন সবাই। রান তো এলোই না, উল্টো খেসারত দিতে হলো উইকেট খুইয়ে। হঠাৎ করেই একের পর এক উইকেট পড়ে। মাত্র ৪০ রানের মধ্যে হারায় শেষ আটটি উইকেট। শেষ পর্যন্ত ২৮.৩ ওভারে ১৪৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

অধিনায়ক আজিজুল হাকিম তামিম সর্বোচ্চ ৫১ রান করেন। তিনি রিফাত বেগের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৬৮ রানের জুটি গড়েন। রিফাত করেন ৩৭ রান। এই জুটিতেই ভর করে ভালো অবস্থানে ছিল দল।

বৃষ্টির বিরতির পর বাংলাদেশ ব্যাটিং ছন্দ হারায় বিহান মালহোত্রার অফস্পিনে। তিনি ১৪ রানে নেন চার উইকেট। মিডল অর্ডার আর লোয়ার অর্ডার তেমন প্রতিরোধই গড়তে পারেনি।

এর আগে ভারত ব্যাট করে তোলে ২৩৮ রান। ৪৮.৪ ওভারে এই স্কোর করে তারা। অভিজ্ঞান কুন্ডু করেন ৮০ রান। বৈভব সূর্যবংশী করেন ৭২ রান।

বাংলাদেশের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন আল ফাহাদ। তিনি পাঁচ উইকেট নেন। শুরুতে দুটি উইকেট নেন তিনি। শেষে ফিরে এসে নেন আরও তিনটি উইকেট। তার এই ফাইফারও দলকে জেতাতে পারল না। তিনি হয়ে রইলেন দলের ট্র‍্যাজিক হিরো।

গ্রুপ বি-তে বাংলাদেশের পরের ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। ম্যাচটি হবে ২০ জানুয়ারি।


Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম