Logo
Logo
×
   

খেলা

ক্রিকেট খেলতে চান উসাইন বোল্ট

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৫:২৬ পিএম

ক্রিকেট খেলতে চান উসাইন বোল্ট

জ্যামাইকার স্প্রিন্টিং কিংবদন্তি উসাইন বোল্ট ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে আবারও ফিরতে চান, তবে এবার লক্ষ্য ট্র্যাক নয়, ক্রিকেট। ১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট, আর লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য এলএ২৮ গেমস চলবে ১২ থেকে ২৯ জুলাই ২০২৮ পর্যন্ত।

অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তনের প্রাক্কালে বোল্ট জানিয়েছেন, ব্যাট ও বল হাতে নিজের দেশকে প্রতিনিধিত্ব করার ব্যাপারে তিনি ভীষণ আগ্রহী। ক্রিকেটপাগল ক্যারিবিয়ান অঞ্চলে বেড়ে ওঠা বোল্ট আসলে শুরুতে একজন ফাস্ট বোলার হতে চেয়েছিলেন, এরপরই তিনি বিশ্বের সবচেয়ে পরিচিত স্প্রিন্টারে পরিণত হন।

বাস্তবে ক্রিকেটই ছিল বোল্টের প্রথম ভালোবাসা। হাইস্কুলে পড়ার সময় তার ক্রিকেট কোচই তাকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে চেষ্টা করতে উৎসাহ দেন। সেই সিদ্ধান্ত ক্রীড়া ইতিহাসের গতিপথ বদলে দেয়, তবে ক্রিকেটের প্রতি নিজের ভালোবাসা কখনোই গোপন করেননি বোল্ট।

এস্কোয়ার ম্যাগাজিনে কথা বলতে গিয়ে মজা করে বোল্ট বলেন, জ্যামাইকার ক্রিকেট কর্তৃপক্ষ যদি ডাক দেয়, তাহলে তিনি সাড়া দিতে প্রস্তুত।

‘আমি পেশাদার খেলাধুলা থেকে সুখেই অবসর নিয়েছি। অনেকদিন ক্রিকেট খেলিনি, কিন্তু যদি তারা ডাকে, আমি প্রস্তুত থাকব! (হাসি),’ — বলেন বোল্ট।

উসাইন বোল্ট সর্বকালের সেরা স্প্রিন্টার হিসেবে ব্যাপকভাবে স্বীকৃত। তার ঝুলিতে আছে ৮টি অলিম্পিক স্বর্ণ এবং ১১টি বিশ্ব চ্যাম্পিয়নশিপ স্বর্ণ।

২০১৭ সালে তিনি অ্যাথলেটিক্স থেকে অবসর নেন ইতিহাসের সবচেয়ে সফল স্প্রিন্টার হিসেবে, টানা তিনটি অলিম্পিক গেমসে—বেইজিং ২০০৮, লন্ডন ২০১২ ও রিও ২০১৬—১০০ ও ২০০ মিটার দু’টি ইভেন্টেই স্বর্ণ জিতে।

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের (যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত) ব্র্যান্ড অ্যাম্বাসাডরও ছিলেন বোল্ট। এর আগে ২০১৪ সালে ভারতে যুবরাজ সিং ও হরভজন সিংয়ের সঙ্গে একটি প্রীতি ক্রিকেট ম্যাচেও অংশ নেন তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম