Logo
Logo
×
   

খেলা

মালয়েশিয়ার মেয়েদের পাত্তা দিল না বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০২ পিএম

মালয়েশিয়ার মেয়েদের পাত্তা দিল না বাংলাদেশ

সংগৃহীত ছবি

মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশের কাছে হেরেছিল শ্রীলঙ্কা ‘এ’ দল। একদিন বিরতির পর স্বাগতিক থাইল্যান্ডকেও হারাল ফাহিমা খাতুনের দল। 

এশিয়া কাপে দাপট চলছেই বাংলাদেশ ‘এ’ দলের। প্রথম দুই ম্যাচ জিতেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচেও সেই ধারা অব্যাহত রাখল।

মালয়েশিয়া ‘এ’ নারী দলকে উড়িয়ে দিয়ে টানা তিন জয় তুলে নিলো বাংলাদেশ। লতা মন্ডলের অলরাউন্ড নৈপুণ্যে ৯০ রানের বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে পা রাখল বাংলাদেশ।

ব্যাংককে বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মোটে ৬১ রান তুলতে পেরেছে মালয়েশিয়া ‘এ’ নারী দল।

টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই ওপেনার ইশমা তানজিমকে হারায় বাংলাদেশ। তবে শুরু ধাক্কা সামল দেন শারমিন সুলতানা (২৫ বলে ৩০) ও রুবায়া হায়দার (১১ বলে ১৪)। মাঝে দ্রুত উইকেট হারিয়ে আবারও বিপদে পড়ে বাংলাদেশ।

সেখান থেকে দলের হাল ধরেন অধিনায়ক ফাহিমা খাতুন ও লতা মন্ডল। ফাহিমা ২৯ রান করে আউট হলেও হাফসেঞ্চুরির কাছে পৌঁছে যান লতা মন্ডল। ৪৪ বলে ৪টি চারের সাহায্যে ৪৮ রান করেন তিনি। শেষ দিকে সাদিয়া আক্তারের ১১ বলে ১৯ রানের ঝড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ১৫১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ।

১৫২ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে মালয়েশিয়া। ইনিংসের তৃতীয় ওভারেই জোড়া আঘাত হানেন ফাতেমা জাহান। এরপর মালয়েশিয়ার ব্যাটাররা আসা-যাওয়ার মিছিলে যোগ দিলে ম্যাচ থেকে ছিটকে যায় তারা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .