|
ফলো করুন |
|
|---|---|
চলমান টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বুধবার মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। সেমিফাইনাল পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত থাকা প্রোটিয়াদের বিপক্ষে রেকর্ড গড়া সেঞ্চুরি করেছেন ফিন অ্যালেন।
তার দুর্দান্ত ইনিংসের সুবাদেই ৯ উইকেট ও ৪৩ বল হাতে রেখে ১৬৯ রানের লক্ষ্য সহজেই টপকে যায় কিউইরা। অ্যালেনের এই অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করেছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার।
কলকাতায় টস হেরে প্রথমে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। শুরুতেই ব্যাটিং ধসে পড়ে তাদের ইনিংস। এক পর্যায়ে দলটির সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে মাত্র ৭৭ রান। পরে ষষ্ঠ উইকেটে মার্কো ইয়ানসেন ও ত্রিস্তান স্টাবস ৪৮ বলে ৭৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা তোলে ১৬৯ রান। সাত নম্বরে নেমে ইয়ানসেন ৩০ বলে ২টি চার ও ৫টি ছক্কায় ৫৫ রান করে অপরাজিত থাকেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল নিউজিল্যান্ড। বিশেষ করে ফিন অ্যালেন প্রোটিয়া বোলারদের ওপর তাণ্ডব চালান। মাত্র ১৯ বলেই ফিফটি তুলে নেওয়ার পর তিনি দ্রুতগতিতে রান তুলতে থাকেন। ৩৩ বলেই সেঞ্চুরি করে গড়েন টি–টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম শতকের রেকর্ড। পাশাপাশি আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে যৌথভাবে তৃতীয় দ্রুততম সেঞ্চুরির মালিকও হন তিনি।
অ্যালেনের এই বিধ্বংসী ইনিংস দেখে মুগ্ধ হয়েছেন শচীন টেন্ডুলকার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, সেমিফাইনাল ম্যাচে সাধারণত দর্শকদের মধ্যে দারুণ উত্তেজনা থাকে, কিন্তু ফিন অ্যালেন যেন আমরা ঠিকভাবে ম্যাচ দেখতে বসার আগেই খেলা শেষ করে দিয়েছেন।
বিশ্বকাপের নকআউট পর্বেও এটি অ্যালেনের সর্বোচ্চ রানের ইনিংস। এই ম্যাচটি তার ক্যারিয়ারের একটি বিশেষ স্মৃতি হয়ে থাকবে তা বলাই যায়।
এর আগে টি–টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচবার মুখোমুখি হয়ে প্রতিবারই হেরেছিল নিউজিল্যান্ড। তবে সেমিফাইনালের মঞ্চে অধিনায়ক মিচেল স্যান্টনার-এর নেতৃত্বে প্রোটিয়াদের বিপক্ষে এবারই প্রথম বিশ্বকাপের মঞ্চে জয় তুলে নিল কিউইরা।

-69a917e690032.jpg)