Logo
Logo
×

খেলা

মোস্তাফিজের বদলে খেলোয়াড় নিয়ে নতুন বিতর্কের জন্ম দিল কেকেআর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০১:২৮ পিএম

মোস্তাফিজের বদলে খেলোয়াড় নিয়ে নতুন বিতর্কের জন্ম দিল কেকেআর

সংগৃহীত

কলকাতা নাইট রাইডার্স আইপিএল ২০২৬-এর জন্য জিম্বাবুয়ের ফাস্ট বোলার ব্লেসিং মুজারাবানিকে দলে নিয়েছে। আইপিএলের এই সুযোগ নিতে তিনি পাকিস্তান সুপার লিগের চুক্তি ছেড়ে দিয়েছেন বলে জানা গেছে, আর তাতে নতুন এক বিতর্কেরই জন্ম দিয়েছে কেকেআর।

মুজারাবানি গত মাসের পিএসএল নিলামে বিক্রি না হলেও ইসলামাবাদ ইউনাইটেড তাকে ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফের বিকল্প হিসেবে সরাসরি দলে নিয়েছিল। তবে এবার তিনি পিএসএলে খেলবেন না বলেই জানা গেছে।

সদ্য সমাপ্ত বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের পর ভারতে ফিরছেন এই জিম্বাবুয়ান পেসার। ভারত ও শ্রীলঙ্কায় খেলা ছয়টি ম্যাচে ১৩টি উইকেট নিয়েছেন তিনি। পুরো টুর্নামেন্টে তার চেয়ে বেশি উইকেট নিয়েছেন কেবল জাসপ্রিত বুমরাহ ও বরুণ চক্রবর্তী — দুজনেই নিয়েছেন ১৪টি করে।

৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার এই পেসার ২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে জিম্বাবুয়ের সব ফরম্যাটে খেলে আসছেন। ৮৯টি টি-টোয়েন্টিতে ১০৬টি উইকেট নিয়েছেন। তার ইকোনমি রেট ৭.২৪। সিপিএল, আইএলটি-টোয়েন্টি, পিএসএল ও ইংল্যান্ডের ভিটালিটি ব্লাস্টেও খেলার অভিজ্ঞতা আছে তার।

এটি কোনো আইপিএল দলে মুজারাবানির দ্বিতীয় সুযোগ। আইপিএল ২০২৫-এ শেষ পর্যায়ে চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে বিকল্প খেলোয়াড় হিসেবে খেলেছিলেন তিনি।

মুজারাবানি ১৭ মার্চ কলকাতায় পৌঁছে দলের সঙ্গে যোগ দেবেন। এর আগে কেকেআর ৯ কোটি ২০ লাখ রুপিতে কেনা মোস্তাফিজুর রহমানের চুক্তি বাতিল করতে বাধ্য হয়েছিল। অন্য বড় বিদেশি পেস বোলিং সংগ্রহ মাথিশা পাথিরানা সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে পাওয়া চোট থেকে এখনো সেরে উঠছেন।

২৯ মার্চ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আইপিএল ২০২৬ অভিযান শুরু করবে কেকেআর।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম