Logo
Logo
×

খেলা

‘আইসিসি নিয়ন্ত্রণ করে ভারত’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ১০:০৫ পিএম

‘আইসিসি নিয়ন্ত্রণ করে ভারত’

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) ভারতের প্রভাব নিয়ে অনেকেই মুখ খুলেছেন। সেই তালিকায় নতুন সংযোজন দক্ষিণ আফ্রিকার স্পিনার সাইমন হারমার। তিনি জানালেন, দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার পরও বিশ্ব ক্রিকেটে ক্ষমতার ভারসাম্য আসেনি।

‘দ্য গার্ডিয়ানে’ দেওয়া এক সাক্ষাৎকারে হারমার বলেছেন, ‘ভারতের বাণিজ্যিক শক্তির কারণে যাবতীয় ক্ষমতাও তাদের হাতে রয়েছে। বিসিসিআই নিয়ন্ত্রণ করে আইসিসিকে। কিন্তু আমরা কী ই বা করতে পারি? ক্রিকেটার হিসেবে যা নিয়ন্ত্রণে আছে সেটুকুই নিয়ন্ত্রণ করতে পারি। বেশি বেশি ট্রফি জিতলে হয়তো এটার বদল হতে পারে।’

গত বছর ভারতের মাটিতে ২-০ টেস্ট সিরিজ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজে ভালো খেলেছিলেন হারমার। তার আগে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপও জিতেছিল তার দল। হারমারের মতে, কোনো একজন নয়, বরং তারা দল হিসেবে পারফর্ম করছে।

হারমার বলেছেন, ‘আমাদের দলে হয়তো কয়েকজন তারকা ক্রিকেটার রয়েছে। তবে তাদের চেয়ে দল বড়। যদি কেউ খারাপ খেলে তাহলে (কোচ শুকরি) কনরাড সরাসরি তাকে জবাবদিহি করতে পারে। এটা আমার খুব ভালো লাগে। যদিও আমাকে এর মুখোমুখি হতে হয়নি খুব একটা।’

প্রোটিয়া এই স্পিনার কথা বলেছেন ইংল্যান্ডের বোলারদের নিয়েও। ইংলিশ স্পিনারদের নিয়ে তার ব্যাখ্যা, ‘ইংল্যান্ডে স্পিনারদের সমান চোখে দেখা হয় না। এমন নয় যে প্রতিভার অভাব রয়েছে। ১৮টা কাউন্টি দল রয়েছে। তার মধ্যে কতগুলোতে স্পিন বোলিং কোচ রয়েছে? বড়জোর ২-৩টা হবে। এটা বাড়াতে হবে অনেক।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম