Logo
Logo
×
   

Advertisement

খেলা

বাংলাদেশের সামনে ইতিহাস, পাকিস্তানও বিশ্বরেকর্ডের দুয়ারে দাঁড়িয়ে

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৯:০৪ এএম

বাংলাদেশের সামনে ইতিহাস, পাকিস্তানও বিশ্বরেকর্ডের দুয়ারে দাঁড়িয়ে

ফাইল ছবি

Advertisement

সিলেট টেস্টের শেষ দিনটা দারুণ এক রোমাঞ্চ নিয়েই হাজির হতে চলেছে। সম্ভাব্য চার ফলাফলের মধ্যে ড্রয়ের সম্ভাবনাই সবচেয়ে কম। তা বাদে বাংলাদেশের জয়, পাকিস্তানের জয় কিংবা টাই– যে কোনো কিছুই হওয়া সম্ভব আজকে। শেষ দিনে আজ দুই দলই দাঁড়িয়ে আছে ইতিহাসের সামনে, যে দলই জিতবে ইতিহাস গড়েই জিতবে।

পাকিস্তানের সামনে লক্ষ্যটা ৪৩৭ রানের। এই লক্ষ্য তাড়া করতে গিয়ে পাকিস্তান ইতোমধ্যেই ৭ উইকেট খুইয়ে বসেছে। ৩১৬ রান তুলেছে দলটি। জয়ের জন্য সফরকারীদের দরকার ১২১ রান। হাতে আছে ৩টি উইকেট। 

দলটির সবচেয়ে বড় আশা হয়ে আছেন মোহাম্মদ রিজওয়ান। ৭৫ রান নিয়ে তিনি এখনও ক্রিজে টিকে আছেন। তার সঙ্গী হিসেবে আছেন সাজিদ খান, যিনি প্রথম ইনিংসে ৪টি ছক্কাসমেত ৩৮ রান তুলেছিলেন। সব মিলিয়ে পাকিস্তানকে একেবারে ব্যাকফুটেও ধরা যাচ্ছে না।

শেষমেশ রিজওয়ান, সাজিদ খানরা যদি ১২১ রানের সমীকরণ মিলিয়ে ফেলতেই পারেন, তাহলে পাকিস্তান জিতবে, তা বলাই বাহুল্য। পাকিস্তান তখন বিশ্বরেকর্ডও গড়ে ফেলবে। ২০০৩ সালে অ্যান্টিগা রিক্রিয়েশন গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১৮ রান তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ, সেটা বিশ্বরেকর্ড হিসেবে টিকে গেছে অন্তত ২৩ বছর। আজ পাকিস্তান জিতে গেলে সে বিশ্বরেকর্ডটা ভেঙে যাবে।

বাংলাদেশের সামনেও ইতিহাসের হাতছানি আছে। টেস্ট আঙিনায় অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ৮৩টি টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। এই সময়ে কোনো প্রতিপক্ষকেই একাধিক ম্যাচের সিরিজে টানা দুবার হোয়াইটওয়াশের স্বাদ দিতে পারেনি টাইগাররা। আজ পাকিস্তানকে হারালে সে কীর্তিটা গড়া হয়ে যাবে। 

কোন ইতিহাস দেখবে আজ সিলেট? সে প্রশ্নের উত্তর মিলবে আর বিকেল নাগাদ, কিংবা তারও আগেই।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম