Logo
Logo
×
   

খেলা

বিশ্বকাপের আগে নিউইয়র্কে বড় ধর্মঘটের আশঙ্কা এড়াল হোটেল খাত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০১:৪৫ পিএম

বিশ্বকাপের আগে নিউইয়র্কে বড় ধর্মঘটের আশঙ্কা এড়াল হোটেল খাত

নিউইয়র্ক সিটির হোটেল শিল্পে বড় ধরনের শ্রমিক ধর্মঘটের শঙ্কা শেষ মুহূর্তে এড়ানো গেছে। শ্রমিক ইউনিয়ন এবং হোটেল মালিকরা দীর্ঘ আলোচনার পর প্রায় ২৫ হাজার কর্মীকে অন্তর্ভুক্ত করে আট বছরের একটি নতুন শ্রম চুক্তিতে পৌঁছেছে।

ফলে বেতন, কাজের চাপ এবং কর্মীসংকট নিয়ে চলমান বিরোধের কারণে যে ধর্মঘটের আশঙ্কা তৈরি হয়েছিল, তা এখন আর হচ্ছে না। আসন্ন ফিফা বিশ্বকাপ শুরুর আগেই এই সমঝোতা শহরের হোটেল শিল্পে স্বস্তি ফিরিয়েছে।

হোটেল অ্যাসোসিয়েশন অব নিউইয়র্ক সিটির প্রেসিডেন্ট ও সিইও বিজয় দন্দাপানি জানিয়েছেন, কয়েক সপ্তাহের আলোচনার পর দুই পক্ষ একটি কার্যকর সমঝোতায় পৌঁছিয়েছে। তার ভাষায়, শুরুতে দুই পক্ষের অবস্থান ও চিন্তাধারার মাঝে পার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে সেই ব্যবধান অনেকটাই কমিয়ে আনা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, চুক্তির পর হোটেল মালিকদের মধ্যে সামগ্রিকভাবে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে, যদিও এই সমঝোতায় তাদের কিছু ছাড় দিতে হয়েছে। শ্রমিকদের দাবি ও ব্যবসায়িক স্বার্থের মধ্যে ভারসাম্য আনার চেষ্টা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আগামী জুন থেকে জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। যদিও ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এই আলোচনায় সরাসরি যুক্ত ছিল না, তবে বিশ্বকাপকে কেন্দ্র করে বিপুল সংখ্যক দর্শনার্থীর আগমনকে ঘিরে হোটেল খাতে চাপ অনেক বেড়ে গিয়েছিল।

এর আগে শ্রমিক সংগঠনগুলো ধর্মঘটের সম্ভাবনার কথা তুলে ধরেছিল এবং পর্যটকদের নির্দিষ্ট কিছু হোটেল এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছিল। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে উঠেছিল যে, হোটেল মালিকদের মতে এটি একটি বাস্তব ধর্মঘটের হুমকি ছিল।

হোটেল মালিকরা জানিয়েছেন, আলোচনায় প্রধান লক্ষ্য ছিল ব্যবসার লাভজনকতা বজায় রাখা। তাদের দাবি, করোনা মহামারির পর নিউইয়র্কের হোটেল বাজার এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। রুম ভাড়ার প্রকৃত আয়ও আগের পর্যায়ে পৌঁছায়নি।

সব মিলিয়ে নতুন এই চুক্তি শ্রমিকদের জন্য কিছু অতিরিক্ত সুবিধা আনলেও, হোটেল শিল্প আশা করছে বিশ্বকাপ ও পর্যটন খাতের বাড়তি চাহিদা সেই বাড়তি খরচ সামাল দিতে সাহায্য করবে।

সূত্র: আল-জাজিরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম