Logo
Logo
×
   

খেলা

ব্রাজিল জিতল ৩ গোলে, কিন্তু ৩টি প্রশ্ন থেকেই গেল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৯:৩৯ এএম

ব্রাজিল জিতল ৩ গোলে, কিন্তু ৩টি প্রশ্ন থেকেই গেল

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি

৩-০। ফলাফলটা দেখলে মনে হতেই পারে ব্রাজিল দুর্দান্ত খেলেছে। তবে আলোর নিচে আঁধারও খেলা করছে দলটির জন্য। এই জয় সেলেসাওদের জন্য উদযাপনের উপলক্ষ তৈরি করে দিয়েছে বটে, তার চেয়ে উদ্বেগের কারণ বেশি তৈরি করেছে।

গোল ব্যবধান
প্রতিপক্ষ হাইতি ফিফা র‍্যাঙ্কিংয়ের ৮৫তম দল। এমন সীমিত সামর্থ্যের প্রতিপক্ষের বিপক্ষে ব্রাজিলের পারফর্ম্যান্স মোটেও ঝকঝকে ছিল না। দ্বিতীয়ার্ধে তো ব্রাজিল রীতিমতো খেলার গতি কমিয়ে দিয়েছিল। প্রথমার্ধে কুনিয়া দুই গোল এবং ভিনিসিয়ুস জুনিয়র গোল করার পর আনচেলোত্তির দল গোল বাড়ানোর চেয়ে শক্তি সঞ্চয় এবং সময় পার করার দিকেই বেশি মনোযোগী ছিল। 

প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করার ফলে দলটির সঙ্গে পয়েন্ট সমান হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে ব্রাজিলের। সেটা যদি শেষ ম্যাচেও হয়ে যায়, তাহলে এই ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল করতে না পারাটা বড় বিপদে ফেলে দিতে পারে সেলেসাওদের। কারণ গ্রুপের অবস্থান যে তখন নিশ্চিত হবে গোল ব্যবধান হিসেবে!

ফিনিশিংয়ের সমস্যা
কুনিয়া-ভিনিসিয়ুসের জুটি কার্যকর। কুনিয়া প্রথমার্ধেই জোড়া গোল করেছেন এবং ভিনিসিয়ুস টানা দুই ম্যাচে গোল করেছেন। বিশেষভাবে দ্বিতীয় গোলটি ছিল রীতিমতো দুর্দান্ত। প্রতি আক্রমণের সুযোগ নিয়ে ভিনিসিয়ুস জুনিয়র এগিয়ে গিয়ে কুনিয়াকে দেখে বল বাড়ান, আর কুনিয়া বক্সের ভেতর থেকে ভারসাম্য হারিয়েও বাঁ পায়ে দুর্দান্ত শটে গোল করেন।

কিন্তু একজন প্রকৃত নাম্বার নাইনের অভাব স্পষ্ট। এই বিশ্বকাপে জাত স্ট্রাইকারহীন দল এখন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, তবে ব্রাজিল সে পথে হাঁটতে গিয়ে তাদের দুর্বলতাই প্রকাশ করে দিচ্ছে। ভিনিসিয়ুস নিজেই একটা সহজ সুযোগ নষ্ট করেছেন। ৫৭ মিনিটে মার্কিনিওসের দুর্দান্ত লং পাস পেয়েও ভিনিসিয়ুস দ্রুত শট না নিয়ে বক্সের কিনারা দিয়ে ঘুরে ডান পায়ে কার্লার মারার চেষ্টা করেন এবং চতুর্থ গোলের সুযোগ নষ্ট করেন। 

মাঝমাঠ
কাসেমিরো এই ম্যাচে খেলেছেন বটে, কিন্তু তার মন্থর গতি ব্রাজিলকে ভুগিয়েছে বেশ। লুকাস পাকেতা শুরুটা করেছিলেন ভালো, তবে ট্রানজিশনে তাকেও ধুঁকতে দেখা গেছে, যে কারণে হাইতি বেশ আক্রমণ করেছে দুই অর্ধেই। ফলে এই জায়গায় সমস্যা রয়েই গেছে ব্রাজিলের, তা পরিষ্কার।

৩-০ গোলে জয় যেকোনো বিচারে স্বস্তির। তবে দলটির পারফরম্যান্স বলে দিচ্ছে, এই ব্রাজিল দলের এখনও অনেক উন্নতি করতে হবে। পুরনো সেলেসাও যুগের সেই ছন্দময় ফুটবল, সেই জোগো বনিতো এখনও অনেক দূরের পথ।

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম