Logo
Logo
×
   

খেলা

কাতারের সঙ্গে জিতে নকআউটের স্বপ্ন দেখছে বসনিয়া

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৩:২৪ এএম

কাতারের সঙ্গে জিতে নকআউটের স্বপ্ন দেখছে বসনিয়া

বিশ্বকাপে কাতারের রূপকথার যাত্রা থেমে গেছে গ্রুপ পর্বেই। প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক ১-১ ড্র করার পরও শেষ পর্যন্ত তৃতীয় ম্যাচে বসনিয়ার কাছে ৩-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে হুলেন লোপেতেগুইর দলকে। 

অন্যদিকে এই জয়ে শেষ বত্রিশে ওঠার আশা জিইয়ে রেখেছে বসনিয়া। ইউটাহতে নিজেদের বেস ক্যাম্পে অবস্থান করে এখন তারা অন্য গ্রুপগুলোর ফলাফলের অপেক্ষায় থাকবে। চার পয়েন্ট নিয়ে সেরা তৃতীয় স্থানধারীদের তালিকায় জায়গা পাওয়ার সম্ভাবনা আপাতত তাদের পক্ষেই রয়েছে। 

কানাডার বিপক্ষে ম্যাচে মাদিবো ও এল আমিন লাল কার্ড দেখায় একাদশে পরিবর্তন আনতে বাধ্য হন লোপেতেগুই। তবে পাঁচ ডিফেন্ডারের রক্ষণভাগের কৌশল থেকে সরে আসেননি তিনি। ম্যাচের শুরুতেই বসনিয়া আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। তৃতীয় মিনিটেই কাতারের গোলরক্ষক এরমেদিন দেমিরোভিচ ও ইভান সুনজিচের দুটি শট ঠেকিয়ে দলকে রক্ষা করেন।

তবে গোলের অপেক্ষা দীর্ঘ হয়নি। ৩০তম মিনিটে অসাধারণ একক নৈপুণ্যে বসনিয়াকে এগিয়ে দেন কেরিম আলাজবেগোভিচ। সালজবুর্গের এই তরুণ ফুটবলার মাঝমাঠ থেকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের সামনে পৌঁছে শক্তিশালী শটে বল জালে পাঠান। আবুনাদার কিছুই করার ছিল না।

প্রথম গোলের পর দ্বিতীয় গোলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আলাইবেগোভিচ। বাঁ প্রান্ত থেকে তার ক্রসে এডিন জেকো বলটি সতীর্থের জন্য ছেড়ে দিতে চাইলেও কাতারের ডিফেন্ডার সুলতান আল ব্রেক দুর্ভাগ্যজনকভাবে বল নিজেদের জালেই পাঠিয়ে দেন। যদিও জেকো গোলটি নিজের বলে উদযাপন করেন, সেটি ছিল আত্মঘাতী গোল।

৪০তম মিনিটে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেয়েছিলেন জেকো, কিন্তু তার শট পোস্টে লেগে ফিরে আসে। 

এরপর ম্যাচে ফেরার আশা জাগায় কাতার। জেকোর সুযোগ নষ্ট হওয়ার পরের আক্রমণেই এদমিলসন জুনিয়রের পাস থেকে বক্সে বল পান হাসান আল হাইদোস। আন্তর্জাতিক ফুটবলে ১৭০ ম্যাচ খেলা কাতারের অধিনায়ক সহজ সুযোগ কাজে লাগিয়ে ২-১ ব্যবধান কমান। গোলটির পর কাতার নতুন উদ্যমে খেলতে শুরু করে। যোগ করা সময়ে পেদ্রো মিগুয়েলের শট পোস্টে না লাগলে সমতাও ফিরতে পারত দলটি। 

ম্যাচের এক ঘণ্টা পূর্ণ হওয়ার পর চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন আল হাইদোস। তার এই বিদায়ের মধ্য দিয়ে কাতার জাতীয় দলের একটি যুগেরও অবসান ঘটল। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এই ফুটবলারের আন্তর্জাতিক ক্যারিয়ারেরও সমাপ্তি হলো।

বিরতির পর কাতারের জালে তৃতীয়বারের মতো ৮০ মিনিটে বল জড়ায় বসনিয়া। তৃতীয় গোলটি করেন এরমিন মাহমিচ।  

গ্রুপ ‘বি’ তে কানাডাকে ২–১ গোলে হারিয়ে শীর্ষে থেকে শেষ ৩২–এ গেছে সুইজারল্যান্ড। স্বাগতিক কানাডাও শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে গ্রুপ রানার্সআপ হয়ে। 

আর কাতারকে ৩–১ গোলে হারিয়ে বসনিয়া ও হার্জেগোভিনা কানাডার সমান ৪ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে তিনে আছে।

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম