মাদিবোর ট্যাকলে পা ভেঙে গেছে কোনের। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
কানাডার মিডফিল্ডার ইসমাইল কোনের পা ভেঙে দেওয়া ট্যাকলের ঘটনায় পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন কাতারের ফুটবলার আসিম মাদিবো। এ ঘটনায় কোনে কয়েক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন।
গত ১৯ জুন কানাডা-কাতারের ৬-০ গোলের ম্যাচটিতে সবচেয়ে আলোচিত ঘটনা হয়ে ওঠে কোনের গুরুতর চোট। ম্যাচের ৫১তম মিনিটে পিছন দিক থেকে করা মাদিবোর এক ট্যাকলে মাটিতে লুটিয়ে পড়েন কানাডার মিডফিল্ডার কোনে।
ঘটনার পরপরই মেডিকেল টিম মাঠে ছুটে আসে এবং স্ট্রেচারে করে কোনেকে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় দেখা যায়, তার ডান পায়ের টিবিয়া ও ফিবুলা হাড় ভেঙে গেছে। পরে জরুরি অস্ত্রোপচার করা হয়।
ট্যাকলের জন্য রেফারি সরাসরি লাল কার্ড দেখিয়ে মাদিবোকে মাঠ থেকে বের করে দেন। পরে ফিফার শৃঙ্খলা কমিটি ঘটনাটি পর্যালোচনা করে ‘গুরুতর ফাউল খেলা’র অভিযোগে তার বিরুদ্ধে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করে।
ম্যাচ শেষে মাদিবো ব্যক্তিগতভাবে কোনের কাছে গিয়ে দুঃখ প্রকাশ করেন। অস্ত্রোপচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কোনে জানান, কঠিন এই সময়ে পাশে থাকা সবাইকে তিনি ধন্যবাদ জানাচ্ছেন।
চিকিৎসকদের ধারণা, গুরুতর এই চোটের কারণে কয়েক মাস মাঠের বাইরে থাকতে হতে পারে কানাডার এই মিডফিল্ডারকে। ফলে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে তার অংশগ্রহণ নিয়ে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে।
