Logo
Logo
×
   

Advertisement

খেলা

বিশ্বকাপের গ্রুপ পর্বেই রেকর্ডের ছড়াছড়ি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০২:১৪ এএম

বিশ্বকাপের গ্রুপ পর্বেই রেকর্ডের ছড়াছড়ি

Advertisement

চলতি ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু থেকেই একের পর এক নতুন নজিরের জন্ম দিচ্ছে। প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্ট। ১৭ দিনে ৭২টি ম্যাচ শেষে পর্দা নেমেছে গ্রুপ পর্বের। দর্শক উপস্থিতি, খেলোয়াড়দের ব্যক্তিগত অর্জন এবং বিভিন্ন অনন্য ঘটনার কারণে ইতোমধ্যেই ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে এবারের আসর।

চলুন জেনে নেওয়া যাক এবারের আসরে গ্রুপ পর্বেই যত রেকর্ড দেখা গেছে-

ইতিহাসের সবচেয়ে বড় গ্রুপ পর্ব

এবারের বিশ্বকাপে অংশ নিয়েছে রেকর্ড ৪৮টি দল। ফলে গ্রুপ পর্বে অনুষ্ঠিত হয়েছে ৭২টি ম্যাচ, যা শেষ করতে সময় লেগেছে ১৭ দিন। এর আগে ৩২ দলের বিশ্বকাপে গ্রুপ পর্বে ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হতো এবং তা শেষ হতো ১২ থেকে ১৩ দিনের মধ্যেই।

রেকর্ড সংখ্যক দর্শক

দর্শক উপস্থিতির দিক থেকেও নতুন ইতিহাস গড়েছে ২০২৬ বিশ্বকাপ। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপের গ্রুপ পর্বে ৩৫ লাখ ৮৭ হাজার ৫৩৮ দর্শকের উপস্থিতি ছিল রেকর্ড। এবার সেই সংখ্যা ছাড়িয়ে গ্রুপ পর্বে মাঠে এসেছেন ৩৬ লাখ ৫ হাজার ৩৫৭ জন দর্শক।

দ্য অ্যাজটেকা, তিনটি উদ্বোধনী ম্যাচের ভেন্যু

মেক্সিকো সিটির ঐতিহ্যবাহী অ্যাজটেকা স্টেডিয়াম আবারও ইতিহাসের অংশ হয়েছে। ১৯৭০ ও ১৯৮৬ সালের পর ২০২৬ বিশ্বকাপেরও উদ্বোধনী ম্যাচ আয়োজন করে এটি বিশ্বকাপ ইতিহাসে তিনটি উদ্বোধনী ম্যাচ আয়োজনকারী একমাত্র স্টেডিয়াম হিসেবে নাম করেছে।

উদ্বোধনী ম্যাচে তিন নির্বাসন

মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচেও গড়া হয়েছে নতুন রেকর্ড। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রথমবারের মতো তিনজন ফুটবলার লাল কার্ড দেখেন। দক্ষিণ আফ্রিকার স্পেফেলো সিটহোল ও থেম্বা জোয়ানে এবং মেক্সিকোর সিজার মোন্তেস মাঠ ছাড়তে বাধ্য হন।

মেসি, সর্বকালের শীর্ষ গোলদাতা

নিজের ষষ্ঠ বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে তিনি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে যান। পরে আরও গোল করে নিজের রেকর্ডকে আরও সমৃদ্ধ করেন।

হ্যাটট্রিক করা সবচেয়ে বয়স্ক খেলোয়াড়

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে মেসি বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করার রেকর্ড গড়েন। ৩৮ বছর ৩৫৭ দিন বয়সে এই কীর্তি গড়ে তিনি ২০১৮ সালে ক্রিশ্চিয়ানো রোনালদোর গড়া আগের রেকর্ড ভেঙে দেন।

সবচেয়ে বেশি জয়

বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডও এখন মেসির দখলে। অস্ট্রিয়ার বিপক্ষে জয় দিয়ে তিনি মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে যান। এরপর জর্ডানের বিপক্ষে জয় তুলে নিয়ে নিজের জয়সংখ্যা বাড়িয়ে ১৯-এ উন্নীত করেন।

ছয় বিশ্বকাপে রোনালদোর গোল

পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও গড়েছেন অনন্য এক নজির। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে তিনি বিশ্বকাপের ছয়টি ভিন্ন আসরে গোল করা প্রথম ফুটবলার হিসেবে ইতিহাসে নাম লেখান।

সবচেয়ে বয়স্ক কোচ

কুরাসাওয়ের প্রধান কোচ ডিক অ্যাডভোকাট ৭৮ বছর বয়সে বিশ্বকাপের ডাগআউটে দাঁড়িয়ে নতুন রেকর্ড গড়েছেন। তিনিই এখন বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী কোচ।

৯০ মিনিটে রেকর্ড সংখ্যক সেভ

কুরাসাওয়ের গোলরক্ষক এলয় রুম ইকুয়েডরের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ১৫টি সেভ করেন। অতিরিক্ত সময় বাদ দিয়ে বিশ্বকাপের কোনো ম্যাচে ৯০ মিনিটের মধ্যে এত বেশি সেভের ঘটনা আগে ঘটেনি।

মেসির টানা সাত ম্যাচে গোল

জর্ডানের বিপক্ষে ফ্রি-কিক থেকে গোল করে লিওনেল মেসি বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার নতুন রেকর্ড গড়েছেন। এর আগে টানা ছয় ম্যাচে গোল করে এই কীর্তির যৌথ মালিক ছিলেন ফ্রান্সের জাস্ট ফন্টেইন ও ব্রাজিলের জাইরজিনহো। এবার তাদের ছাড়িয়ে এককভাবে ইতিহাসের শীর্ষে উঠেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম