Logo
Logo
×
   

Advertisement

খেলা

ফ্রান্সের জাতীয় দলই দেশটির ঐক্যের প্রতিচ্ছবি: এমেরি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৩:৫০ পিএম

ফ্রান্সের জাতীয় দলই দেশটির ঐক্যের প্রতিচ্ছবি: এমেরি

ফ্রান্সের তরুণ মিডফিল্ডার ওয়ারেন জাইরে এমেরি।

Advertisement

স্পেনের সাবেক প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয়ের বিতর্কিত মন্তব্যের জবাব দিয়েছেন ফ্রান্সের তরুণ মিডফিল্ডার ওয়ারেন জাইরে এমেরি। বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে তিনি বলেছেন, ফ্রান্সের জাতীয় দল দেশটির বৈচিত্র্য এবং ঐক্যের প্রতীক।

সম্প্রতি রাহয় মন্তব্য করেন, ‘ফ্রান্স দলে কোনো ফরাসি খেলোয়াড় নেই।’ আফ্রিকান ও অভিবাসী বংশোদ্ভূত ফুটবলারদের উদ্দেশ্য করে করা এই বক্তব্য ইউরোপজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। ফ্রান্স সরকার, দেশটির ফুটবল ফেডারেশন এবং স্পেনের বর্তমান সরকারের প্রতিনিধিরাও মন্তব্যটিকে বর্ণবাদী ও বিভাজনমূলক বলে নিন্দা জানান।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ২০ বছর বয়সি জাইরে এমেরি বলেন, ‘আমরা সবাই ফ্রান্সের প্রতিনিধিত্ব করি। আমাদের দলে বিভিন্ন পটভূমির খেলোয়াড় রয়েছে, আর সেটাই আমাদের শক্তি। আমরা একসঙ্গে আছি—এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’  

পিএসজির এই মিডফিল্ডার আরও বলেন, ‘এ ধরনের মন্তব্য আমাদের মনোযোগ নষ্ট করতে পারবে না। আমরা মাঠের পারফরম্যান্স দিয়েই এর জবাব দিতে চাই।’

এদিকে বিতর্কের পর ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ নোয়েল বারো বলেন, ‘ফরাসি হওয়া কখনোই ত্বকের রং বা বংশের ওপর নির্ভর করে না।’ একই সুরে ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালোও রাহয়ের মন্তব্যকে ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দেন। অন্যদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ পরোক্ষভাবে বার্তা দিয়ে বলেন, ‘বর্ণবাদ পরাজিত হোক।’

উল্লেখ্য, ডালাসে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স। তবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচের আগে ফুটবলের পাশাপাশি বর্ণবাদবিরোধী অবস্থানও আলোচনার অন্যতম প্রধান বিষয় হয়ে উঠেছে। জাইরে এমেরির ভাষায়, মাঠের ভেতরে ও বাইরে ঐক্যই ফ্রান্স দলের প্রকৃত পরিচয়।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম