Logo
Logo
×
   

খেলা

‘পেছনে ফিরতে চাই না’, অস্ট্রেলিয়া সফর নিয়ে আত্মবিশ্বাসী শান্ত

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০২:২০ পিএম

‘পেছনে ফিরতে চাই না’, অস্ট্রেলিয়া সফর নিয়ে আত্মবিশ্বাসী শান্ত

নাজমুল হোসেন শান্ত। পুরোনো ছবি

২৩ বছর পর অস্ট্রেলিয়া সফর। কঠিন সফর। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সংবাদ সম্মেলনে এসেই সাংবাদিকদের জিজ্ঞেস করলেন, আপনাদের প্রত্যাশা কী? উত্তর, ভালো খেলা। 

নাজমুল আবার জানতে চান, ‘আমার কাছ থেকে এই উত্তর পেলে আপনাদের ভালো লাগত?’ তার বিশ্বাস, কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট ডারউইনে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) মিরপুরে প্রাক-অস্ট্রেলিয়া সফরের সংবাদ সম্মেলনে নাজমুল বলেন, ইনজুরির দরুন কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে না পেলেও দলের ওপর তার আস্থা আছে। 

তিনি বলেন, ‘ইনজুরির বিষয়টা আমাদের হাতে নেই। কে থাকলে ভালো হতো, এ নিয়ে এখন আর ভাবার সময় নেই। আমরা কতটা ভালো ক্রিকেট খেলতে পারি, সেটাই গুরুত্বপূর্ণ।’

২০ উইকেট নেওয়া টেস্ট জয়ের অন্যতম শর্ত। আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক, ‘আমাদের পেস আক্রমণ যথেষ্ট অভিজ্ঞ। দুজন ভালো স্পিনারও আছে। সবাই নিজেদের সেরাটা দিতে পারলে ২০ উইকেট নেওয়া সম্ভব।’

তবে ডারউইন ও ম্যাকের উইকেট সম্পর্কে পরিষ্কার ধারণা নেই, জানালেন নাজমুল। অ্যানালিস্টদের দেওয়া তথ্যের ওপর নির্ভর করে প্রস্তুতি নিচ্ছে দল। বৃষ্টির কারণে দেশে প্রস্তুতিতে কিছুটা ব্যাঘাত ঘটলেও সেটিকে বড় সমস্যা মনে করেন না তিনি। নাজমুল বলেন, ‘কন্ডিশন কেমন হবে, সেটা ওখানে গিয়ে বোঝা যাবে। পরিস্থিতি যেমনই হোক, আমাদের মানিয়ে নিতে হবে।’ 

তিনি যোগ করেন, ‘আমরা গত কয়েক বছর ধরে যে ধরনের টেস্ট ক্রিকেট খেলছি, সেটাই খেলার চেষ্টা করব। আলাদা কোনো পরিকল্পনা নেই। এখান থেকে আমরা আর পেছনে ফিরে যেতে চাই না। লক্ষ্য হলো উন্নতির ধারা অব্যাহত রাখা। সামনে তাকানো।’

অধিনায়ক বলেন, ‘৪০০ বা ৪৫০ রান করার কথা ভাবছি না। আমাদের ব্যাটাররা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। টিভিতে যাদের খেলা দেখতাম, এখন তাদের বিপক্ষে খেলব, এটাই বড় প্রেরণা।’ 

তিনি বলেন, ‘নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। গত ২৩ বছরে আমাদের আরও বেশি টেস্ট খেলা উচিত ছিল। এবার আমাদের লক্ষ্য থাকবে ভালো ক্রিকেট খেলে সম্মান অর্জন করা। আমরা যদি প্রতিদ্বন্দ্বি^তাপূর্ণ ক্রিকেট খেলতে পারি, ভবিষ্যতে আবারও তারা আমাদের আমন্ত্রণ জানাবে।’ বাংলাদেশ দল আজ অস্ট্রেলিয়ায় উড়াল দেবে।

ডারউইনে ১৩ আগস্ট প্রথম টেস্ট এবং ২২ আগস্ট দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ম্যাকেতে। দুই ম্যাচের টেস্ট সিরিজ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .