Logo
Logo
×
   

খেলা

হামজাই বার্সেলোনার ভবিষ্যৎ: সাবেক বার্সা সভাপতি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০১:২৮ এএম

হামজাই বার্সেলোনার ভবিষ্যৎ: সাবেক বার্সা সভাপতি

মিশরের উদীয়মান ফরোয়ার্ড হামজা আবদেলকারিম ও বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ।

বার্সেলোনার জার্সিতে স্বপ্নের অভিষেক করেছেন মিশরের উদীয়মান ফরোয়ার্ড হামজা আবদেলকারিম। প্রাক্-মৌসুমের এক প্রীতি ম্যাচে বার্মিংহাম সিটির বিপক্ষে জোড়া গোল করে ১৮ বছর বয়সি এই তরুণ ফুটবলপ্রেমীদের নজর কাড়েন এবং নিজের সামর্থ্যের জানান দেন।

আবদেলকারিমের এমন পারফরম্যান্সের পর তাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বার্সেলোনার সাবেক সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। তার বিশ্বাস, ভবিষ্যতে কাতালান ক্লাবটির আক্রমণভাগের অন্যতম ভরসা হয়ে উঠতে পারেন এই মিশরীয় প্রতিভা।

সম্প্রতি মিশরের ক্রীড়াভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘অন স্পোর্ট ম্যাক্স’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বার্তোমেউ বলেন, হামজা আবদেলকারিম অসাধারণ প্রতিভাবান একজন ফুটবলার। বার্সেলোনার ভবিষ্যতের জন্য সে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। সবচেয়ে বড় বিষয় হলো, তার খেলায় নিবেদন এবং মানসিক দৃঢ়তা। এই গুণগুলো তাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

সাক্ষাৎকারে বার্তোমেউর কাছে জানতে চাওয়া হয়, কেন তার সভাপতিত্বকালে মিশরের আরেক তারকা মোহাম্মদ সালাহকে বার্সেলোনায় আনা সম্ভব হয়নি। জবাবে তিনি সালাহর প্রতি নিজের প্রশংসা প্রকাশ করে বলেন, মোহাম্মদ সালাহ নিঃসন্দেহে কিংবদন্তি পর্যায়ের একজন ফুটবলার। লিভারপুলের হয়ে সে অসংখ্য রেকর্ড গড়েছে এবং বিশ্ব ফুটবলে নিজের আলাদা অবস্থান তৈরি করেছে।    

তবে সালাহকে দলে ভেড়ানোর পথে বড় বাধা ছিল বার্সেলোনার তৎকালীন তারকাবহুল আক্রমণভাগ। বিষয়টি ব্যাখ্যা করে বার্তোমেউ বলেন, সালাহকে আমরা অবশ্যই চাইতাম। কিন্তু তখন আমাদের দলে একসঙ্গে লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজ খেলছিলেন। এমএসএন ত্রয়ীর উপস্থিতিতে সালাহকে দলে নেওয়া বাস্তবিক ও কৌশলগতভাবে খুবই কঠিন ছিল।

এদিকে বার্সেলোনার যুব দল এবং বার্সা আতলেতিক পেরিয়ে মূল দলে নিজের জায়গা করে নিচ্ছেন আবদেলকারিম। সাম্প্রতিক পারফরম্যান্সে তিনি ইতোমধ্যেই সমর্থকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছেন। বার্তোমেউর প্রশংসা সেই আশাকে আরও জোরালো করেছে বলেই মনে করছেন অনেক ফুটবল বিশ্লেষক।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম