মনে হয়েছে দেশের হয়েই খেলছি: ফর্টিসের জয়ের নায়ক ইব্রাহীম
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৮:২২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
এএফসি মঞ্চে অভিষেকেই ইতিহাস গড়েছে ফর্টিস এফসি। কিরগিস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্ব নিশ্চিত করেছে বাংলাদেশের ক্লাবটি।
দলের জয়ের একমাত্র গোলটি করেছেন মোহাম্মদ ইব্রাহীম। ম্যাচ শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেছেন, ‘মনে হয়েছে দেশের জন্য খেলছি।’
মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের ৫২ মিনিটে ইব্রাহীমের গোলেই জয় নিশ্চিত করে ফর্টিস। ম্যাচ শেষে পোস্ট ম্যাচ সংবাদ সম্মেলনে নিজের অনুভূতি প্রকাশ করে এই ফরোয়ার্ড বলেন, ‘আমার মাথায় এটা ছিল না যে ফর্টিসের হয়ে খেলছি। মনে হয়েছে, দেশের জন্য খেলছি। এখানে দেশটাই বড়। দেশের হয়ে অবদান রেখে গোল করতে পেরে ভীষণ ভালো লাগছে।’
এবার বাংলাদেশ থেকে দুটি ক্লাব এএফসি চ্যালেঞ্জ লিগে অংশ নিচ্ছে। ফর্টিসের পর রাতে সিরিয়ার ক্লাব আল ইত্তিহাদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ পুলিশ এফসি। এর আগে বসুন্ধরা কিংস এই প্রতিযোগিতার মূলপর্বে খেলেছিল। তবে নানা জটিলতায় এবার বাংলাদেশের ছয়বারের লিগ চ্যাম্পিয়নরা প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি। একই কারণে সুযোগ হয়নি আবাহনীরও। ফলে এএফসি মঞ্চে নিজেদের প্রতিনিধিত্ব করার সুযোগ পায় ফর্টিস ও পুলিশ এফসি।
মুরাসের বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পায় ফর্টিস। ৫২ মিনিটে পা ওমর বাবু সামনে এগিয়ে ইব্রাহীমের উদ্দেশে থ্রু বল বাড়ান। ডান পায়ে বলটি নিয়ন্ত্রণে নেওয়ার পর বাঁ পায়ের নিচু শটে মুরাসের গোলরক্ষককে পরাস্ত করেন ইব্রাহীম।
গোলটি নিয়ে নিজের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আন্তর্জাতিক ম্যাচে এর আগেও গোল করেছি। এটি সেরা গোল নয়, তবে এই ম্যাচ ও মুহূর্তটির গুরুত্ব আমার কাছে অনেক বেশি। কোচ আমাকে নিজের ওপর বিশ্বাস রাখতে বলেছিলেন। আমি সেই বিশ্বাস রেখেই নিজের সেরাটা উজাড় করে খেলেছি।’
ইব্রাহীমের সেই গোলই শেষ পর্যন্ত ফর্টিসকে এনে দেয় ঐতিহাসিক জয় এবং এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বের টিকিট। অভিষেকেই এমন সাফল্য বাংলাদেশের ফুটবলে ক্লাবটির জন্যও তৈরি করেছে নতুন এক অধ্যায়।

