Logo
Logo
×
   

Advertisement

খেলা

‘দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ভালো লড়াই করবে’, আশাবাদী ডি ভিলিয়ার্স

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৫:৫৫ পিএম

‘দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ভালো লড়াই করবে’, আশাবাদী ডি ভিলিয়ার্স

Advertisement

দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে ব্যাটিং করা যে কোনো দলের জন্যই বড় পরীক্ষা। পেস, সুইং ও বাউন্সের কারণে প্রোটিয়াদের মাটিতে ব্যাটারদের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তবে আসন্ন সফরে বাংলাদেশকে নিয়ে আশাবাদী দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স। তার বিশ্বাস, নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে টেস্ট সিরিজে ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে বাংলাদেশ।

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর নিজের ইউটিউব চ্যানেল ‘৩৬০’-এর পডকাস্টে টাইগারদের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে কথা বলেন ডি ভিলিয়ার্স। সেখানেই বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর নিয়েও নিজের মতামত তুলে ধরেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে ৯ উইকেটের জয় বাংলাদেশের সাম্প্রতিক টেস্ট উন্নতির বড় প্রমাণ। যদিও ম্যাকাইয়ের দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৫১ রানে হেরে সিরিজে অস্ট্রেলিয়াকে ধবলধোলাই করতে পারেনি বাংলাদেশ, তবু পুরো সফরের পারফরম্যান্স আত্মবিশ্বাস বাড়ানোর মতো ছিল।

নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে দুটি টেস্টের পাশাপাশি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। তবে ডি ভিলিয়ার্সের চোখে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে টেস্ট সিরিজ।

সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক মনে করেন, প্রোটিয়াদের মাটিতে বাংলাদেশ ভালো লড়াই করতে পারবে। তবে সেজন্য ব্যাটারদের দ্রুত স্থানীয় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। তার মতে, দক্ষিণ আফ্রিকায় শুধু বাতাসে নয়, পিচ থেকেও বল সুইং ও সিম করতে পারে। এমন পরিস্থিতিতে খেলার অভিজ্ঞতা অনেক ব্যাটারের না থাকায় মানিয়ে নেওয়াই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

নিজের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের অভিজ্ঞতা থেকে ডি ভিলিয়ার্স আরও মনে করেন, দক্ষিণ আফ্রিকার উইকেটে শুধু রক্ষণাত্মক ব্যাটিং করে টিকে থাকা কঠিন। পরিস্থিতি বুঝে ব্যাটিংয়ের কৌশল পরিবর্তন করতে হবে।

নিজে কখনো ক্রিজ ছেড়ে সামনে এসে বল মোকাবিলা করতেন, আবার কখনো স্টাম্প পুরোপুরি ঢেকে খেলতেন। পরিস্থিতির প্রয়োজনে উলটো স্টাম্প কিছুটা উন্মুক্ত রেখেও ব্যাটিং করতেন। বাংলাদেশের ব্যাটারদেরও একইভাবে সক্রিয় থেকে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

ডি ভিলিয়ার্সের মতে, সিমিং কন্ডিশনে শুধু স্টাম্প ঢেকে রেখে দীর্ঘ সময় টিকে থাকার চেষ্টা কার্যকর নয়। বরং ব্যাটারকে নিজের ব্যাটিংয়ের মাধ্যমে বোলার ও পরিস্থিতির ওপর চাপ তৈরি করতে হবে।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাটিতে ইতোমধ্যে টেস্ট জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। তবে দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে এখনো জয় অধরা। ফলে প্রোটিয়াদের মাটিতে আসন্ন সফরে সেই অপেক্ষা শেষ করার সুযোগ থাকছে বাংলাদেশের সামনে।

সূচি অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে ১৫ নভেম্বর জোহানেসবার্গে। এরপর ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম