|
ফলো করুন |
|
|---|---|
ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটে ড্র নিয়ে সমর্থকদের আগ্রহ এখন তুঙ্গে। প্রচলিত ম্যানুয়াল ড্রয়ের রোমাঞ্চের সঙ্গে এবার যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তি, বিশেষায়িত সফটওয়্যার ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। ম্যানুয়ালি বল তোলার মাধ্যমে একটি দলের নাম নির্ধারিত হলেও তাদের প্রতিপক্ষ ও ম্যাচের ভেন্যু নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কম্পিউটারভিত্তিক ব্যবস্থা।
চার পটে ৩৬ দল
গত পাঁচ মৌসুমে উয়েফার বিভিন্ন প্রতিযোগিতায় ক্লাবগুলোর পারফরম্যান্সের ওপর ভিত্তি করে নির্ধারিত ক্লাব কো-ইফিসিয়েন্ট অনুযায়ী ৩৬টি দলকে চারটি পটে ভাগ করা হয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি সরাসরি পট-১-এ জায়গা পেয়েছে।
লিগ পর্বে প্রতিটি দল মোট আটটি ম্যাচ খেলবে। এর মধ্যে চারটি ম্যাচ হবে নিজেদের মাঠে এবং চারটি প্রতিপক্ষের মাঠে। চারটি পটের প্রতিটি থেকে দুটি করে দলের বিপক্ষে খেলতে হবে প্রতিটি ক্লাবকে। সব ম্যাচ শেষে ৩৬ দলকে নিয়ে একটি অভিন্ন পয়েন্ট টেবিল তৈরি হবে।
শেষ ষোলোতে ওঠার হিসাব
লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ আট দল সরাসরি শেষ ষোলোতে জায়গা করে নেবে। ৯ থেকে ২৪ নম্বরে থাকা ১৬টি দল ফেব্রুয়ারিতে দুই লেগের নকআউট প্লে-অফে অংশ নেবে। এই লড়াইয়ের আট বিজয়ী দল শেষ ষোলোর বাকি আটটি স্থান পূরণ করবে।
অন্যদিকে, ২৫ থেকে ৩৬ নম্বরে থাকা দলগুলোর চ্যাম্পিয়ন্স লিগ অভিযান লিগ পর্বেই শেষ হয়ে যাবে। অর্থাৎ তাদের জন্য ইউরোপীয় প্রতিযোগিতায় আর কোনো সুযোগ থাকবে না।
কীভাবে হবে ম্যানুয়াল ও ডিজিটাল ড্র?
ড্রয়ের শুরুতে পট-১ থেকে ম্যানুয়ালি একটি বল তোলা হবে। বলের মাধ্যমে দলটির নাম নির্ধারিত হওয়ার পর বিশেষায়িত সফটওয়্যার কম্পিউটার স্ক্রিনে সেই দলের সম্ভাব্য আট প্রতিপক্ষের নাম দেখাবে। একই সঙ্গে সফটওয়্যারই ঠিক করে দেবে কোন চারটি ম্যাচ ঘরের মাঠে এবং কোন চারটি অ্যাওয়ে ম্যাচ হিসেবে অনুষ্ঠিত হবে।
এরপর একই প্রক্রিয়ায় পট-২, পট-৩ ও পট-৪-এর দলগুলোর প্রতিপক্ষ নির্ধারণ করা হবে। তবে ড্রয়ে কিছু নির্দিষ্ট বিধিনিষেধও কার্যকর থাকবে। একই দেশের দুই বা ততোধিক ক্লাব লিগ পর্বে একে অপরের মুখোমুখি হতে পারবে না। পাশাপাশি, কোনো দল একই দেশের সর্বোচ্চ দুটি ক্লাবের বিপক্ষে খেলতে পারবে।
২৯ দল সরাসরি, বাছাই পেরিয়ে ৭
নতুন মৌসুমের লিগ পর্বে ঘরোয়া লিগের পারফরম্যান্সের ভিত্তিতে সরাসরি জায়গা পেয়েছে ২৯টি ক্লাব। বাছাইপর্ব ও প্লে-অফের বাধা পেরিয়ে মূলপর্বের টিকিট নিশ্চিত করেছে আরও সাতটি দল।
এবার চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে অভিষেক হতে যাচ্ছে ইতালির কোমো ও আজারবাইজানের সাবাহ এফকের। নতুন ফরম্যাটে তাদের সামনে ইউরোপের সেরা ক্লাবগুলোর বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ।
