Logo
Logo
×
   

খেলা

ভারতকে হতাশ করে সর্বকালের রেকর্ড ভেঙে দিলেন দিনুশা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১১:৩৯ এএম

ভারতকে হতাশ করে সর্বকালের রেকর্ড ভেঙে দিলেন দিনুশা

সংগৃহীত

ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ আরেকটি সেঞ্চুরি দিয়ে শেষ করলেন সোনাল দিনুশা। তার ব্যাটে ভর করে শ্রীলঙ্কা হতাশার এক ড্র উপহার দিয়েছে সফরকারীদের।

দিনুশা এরই সঙ্গে গড়ে ফেলেছেন নতুন এক টেস্ট রেকর্ডও। পুরো সিরিজে সুইপ শট খেলে তিনি করেছেন ১৭৬ রান। কোনো টেস্ট সিরিজে এক ব্যাটসম্যানের সুইপ শট থেকে এত রান করার নজির আর নেই।

২৫ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে অপরাজিত থাকেন ১৩৩ রানে। বৃহস্পতিবার এই ম্যাচ ড্র হয় স্বাগতিক শ্রীলঙ্কার পক্ষে। তবে গলে আগের টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নেয় ভারত।

কলম্বোর প্রথম ইনিংসে ১০৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১৩৩ রান করলেন দিনুশা। এর আগে গলে প্রথম টেস্টেও তিনি সেঞ্চুরি করেছিলেন। এই সিরিজে চার ইনিংসে এটা তার তৃতীয় সেঞ্চুরি।

ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, পুরো সিরিজে সুইপ শট থেকে দিনুশা করেছেন ১৭৬ রান। এর আগে এই রেকর্ড ছিল ইংল্যান্ডের জো রুটের দখলে। ২০২১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সুইপ শট থেকে রুট করেছিলেন ১৬৮ রান।

এই সিরিজে দিনুশা মোট ১২১ বার সুইপ শট খেলার চেষ্টা করেন। এটাও একটা রেকর্ড, কোনো টেস্ট সিরিজে সবচেয়ে বেশি সুইপ শট খেলার। ২০২১ সালের সেই সিরিজে রুট সুইপ শট খেলার চেষ্টা করেছিলেন ১১৩ বার।

প্রথম ইনিংসে ২১৩ রানে এগিয়ে থেকে ভারত ফলো-অন করায় শ্রীলঙ্কাকে। এরপর দুই ইনিংস মিলিয়ে শ্রীলঙ্কা ব্যাট করে ২৪৩.৪ ওভার। পুরো ম্যাচে দিনুশা মোকাবিলা করেন মোট ৪২৬টি বল।

শেষ দিনে ভারতের বোলারদের হতাশ করে কেশারা নুয়ানথার সঙ্গে সপ্তম উইকেটে দিনুশা যোগ করেন ১১২ রান। নুয়ানথা করেন ৪৬ রান।

পঞ্চম দিন শ্রীলঙ্কা খেলা শুরু করে ৬ উইকেটে ২২৯ রান নিয়ে। এরপর তারা ব্যাট করতে থাকে, শেষ পর্যন্ত দুই দল সম্মত হয় ম্যাচ শেষ করার, যখন স্কোর দাঁড়ায় ৯ উইকেটে ৪২৯ রান। সব মিলিয়ে শ্রীলঙ্কা লিড নিয়ে শেষ করে ২১৬ রানের।

ভারতের হয়ে মানব সুথার ৪১ ওভারে ১২১ রানে নেন ৩ উইকেট। রবীন্দ্র জাদেজা ৩৮.৩ ওভারে ৯৪ রানে নেন ৩ উইকেট।

দিনুশা আরও একটি বিশেষ কীর্তি গড়েছেন। ছয় নম্বর বা তার নিচে ব্যাট করে এক সিরিজে তিনটি সেঞ্চুরি করা টেস্ট ইতিহাসে তিনি ষষ্ঠ ব্যাটসম্যান। শ্রীলঙ্কার প্রথম ক্রিকেটার হিসেবে তিনি এই কীর্তি গড়লেন। আর দুই ম্যাচের টেস্ট সিরিজে এই কীর্তি গড়া প্রথম খেলোয়াড়ও তিনি।

কলম্বো টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করার মাধ্যমে দিনুশা আরেকটি রেকর্ডেও নাম লেখান। ছয় নম্বর বা তার নিচে ব্যাট করে এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করা পঞ্চম ব্যাটসম্যান তিনি। আগের চারটি ঘটনার মধ্যে তিনটিই ছিল শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম