‘পাকিস্তানের বিপক্ষে বোলিং করাই এখন সবচেয়ে সহজ কাজ’
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০২:১৭ পিএম
ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের হতাশার গল্প যেন শেষই হচ্ছে না।
|
ফলো করুন |
|
|---|---|
ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের হতাশার গল্প যেন শেষই হচ্ছে না। প্রথম টেস্টে ইনিংস ও ৫৩ রানের বড় ব্যবধানে হারের পর লর্ডস টেস্টে ঘুরে দাঁড়ানোর আশা ছিল সফরকারীদের। দলে ফিরেছিলেন নিয়মিত অধিনায়ক বাবর আজমও। তবে তার প্রত্যাবর্তনেও বদলায়নি দলের ভাগ্য।
লর্ডস টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১১০ রানে অলআউট হয়েছে পাকিস্তান। ব্যাটিং ব্যর্থতার এই চিত্র দেখে কড়া সমালোচনা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। তার মতে, বর্তমান পাকিস্তান ব্যাটিং লাইনআপ ইংল্যান্ডের বোলারদের জন্য কোনো চ্যালেঞ্জই তৈরি করতে পারছে না।
বিবিসির ‘টেস্ট ম্যাচ স্পেশাল’-এ কথা বলতে গিয়ে ভন বলেন, পাকিস্তানের বিপক্ষে বোলিং করা এখন ইংল্যান্ডের জন্য সবচেয়ে সহজ কাজগুলোর একটি।
তার ভাষায়, ‘সত্যি বলতে, ইংল্যান্ডের বোলারদের কোনো ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে না। অনেক দিন পর এমন একটি ব্যাটিং লাইনআপ দেখছি, যার বিপক্ষে বল হাতে নিলেই উইকেট পাওয়ার সম্ভাবনা থাকে।’
পাকিস্তানের হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ ৪৬ রান করেন ওপেনার আজান আওয়াইস। তবে দলের অন্য ব্যাটাররা চরমভাবে ব্যর্থ হন। বাবর আজম করেন মাত্র ৮ রান, আবদুল্লাহ শফিক ৫, শান মাসুদ ১ এবং মোহাম্মদ রিজওয়ান ফেরেন ৭ রান করে।
ব্যাটিং ব্যর্থতা নিয়ে আরও কঠোর মন্তব্য করেন ভন। তিনি বলেন, ‘ইংল্যান্ডের বোলাররা জানে পাকিস্তান বড় স্কোর গড়তে পারবে না। ৪০-৫০ ওভারের মধ্যেই ইনিংস শেষ হয়ে যেতে পারে। সে কারণেই তারা প্রতিটি স্পেলে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছে। এমনকি অতিরিক্ত ওভার করার জন্যও আগ্রহ দেখাচ্ছে, কারণ তারা জানে সামনে আরও উইকেট অপেক্ষা করছে।’
পাকিস্তানের ব্যাটিং মান নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক এই অধিনায়ক।
‘এটা কি দ্বিতীয় বিভাগের কাউন্টি ক্রিকেট? দেখে মোটেও মনে হয় না এটি একটি মানসম্পন্ন টেস্ট দলের ব্যাটিং লাইনআপ,’ বলেন ভন।
তবে সমালোচনার পাশাপাশি ইংল্যান্ডের বোলারদের প্রশংসাও করেছেন তিনি। ভনের মতে, অনুকূল পরিস্থিতির সুযোগ নেওয়ার পাশাপাশি ইংল্যান্ডের পেস আক্রমণও দুর্দান্ত ছন্দে রয়েছে। একই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিরুদ্ধেও তারা সফল হবে।
লর্ডস টেস্টে পাকিস্তানের দুর্দশা আরও বেড়েছে চোটের কারণে। পায়ের চোটে প্রথম ইনিংসে ব্যাটই করতে পারেননি ওপেনার ইমাম-উল-হক।
এদিকে দ্বিতীয় দিনের খেলা শেষে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ইংল্যান্ডের হাতে। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৮১ রান তুলেছে স্বাগতিকরা। এতে তাদের লিড দাঁড়িয়েছে ২৬১ রানে।

