Logo
Logo
×
   

খেলা

পাকিস্তানকে ‘দুর্বল দল’ বলায় দুঃখ প্রকাশ ব্রডের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পিএম

পাকিস্তানকে ‘দুর্বল দল’ বলায় দুঃখ প্রকাশ ব্রডের

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে ‘দুর্বল দল’ হিসেবে মন্তব্য করায় দুঃখ প্রকাশ করেছেন ইংল্যান্ডের সাবেক তারকা পেসার স্টুয়ার্ট ব্রড। ইংল্যান্ড ও পাকিস্তানের চলমান টেস্ট সিরিজ এবং লর্ডস টেস্টের আগে তিনি ওই মন্তব্য করেছিলেন।

সম্প্রতি ‘ফর দ্য লাভ অব ক্রিকেট’ ইউটিউব চ্যানেলের একটি পডকাস্টে নিজের আগের বক্তব্য প্রত্যাহার করে ব্রড স্বীকার করেছেন, মন্তব্যটি যথাযথ ছিল না।

পাকিস্তানি সমর্থকদের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখার পর দেশটির ক্রিকেট নিয়ে নিজের ধারণা বদলেছে ব্রডের। তিনি উপলব্ধি করেছেন, পাকিস্তানে ক্রিকেটের প্রতি মানুষের গভীর আবেগ রয়েছে। একই সঙ্গে দলটিতে ১৪০ কিলোমিটার গতিতে বল করতে সক্ষম বোলার এবং বড় শট খেলার সামর্থ্য থাকা ব্যাটারও রয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

ব্রডের মতে, পাকিস্তান দলের প্রধান সমস্যা খেলোয়াড়দের ব্যক্তিগত দক্ষতায় নয়। বরং বোর্ডের প্রশাসনিক কাঠামো, দল নির্বাচনে অস্থিরতা এবং ঘন ঘন কোচিং স্টাফ পরিবর্তনই দলটির বড় দুর্বলতা।

সাবেক এই ইংলিশ পেসার স্পষ্ট করে বলেন, তার আগের মন্তব্যে পাকিস্তান দলের খেলোয়াড়দের ওপর অতিরিক্ত দায় চাপানো হয়েছিল, যা ঠিক হয়নি। ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট দেখার পর তার উপলব্ধি হয়েছে, পাকিস্তানের মূল চ্যালেঞ্জ মাঠের খেলোয়াড়দের সক্ষমতার চেয়ে দল পরিচালনার কাঠামোগত দুর্বলতায় বেশি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম