Logo
Logo
×
   

খেলা

এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পিএম

এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ

২০২৬ এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সাবেক তারকা ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় এই আসরে শ্রেয়াস আইয়ারদের সঙ্গে থাকছেন না ভারতের মূল জাতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর।

ঠাসা আন্তর্জাতিক সূচির কারণেই কোচ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এশিয়ান গেমসের সময়ই দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারতের সিনিয়র দল। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া সেই সিরিজে জাতীয় দলের সঙ্গে থাকবেন গম্ভীর। ফলে একই সময়ে এশিয়ান গেমসে ভারতের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না।

বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সের প্রধান লক্ষ্মণের জন্য অবশ্য এশিয়ান গেমসের অভিজ্ঞতা নতুন নয়। ২০২৩ সালে চীনের হাংঝৌয়ে অনুষ্ঠিত এশিয়ান গেমসেও তার কোচিংয়ে সোনা জিতেছিল ভারত। এবার লক্ষ্মণের সহকারী হিসেবে থাকবেন সুনীল যোশী ও হৃষিকেশ কানিতকর।

অন্যদিকে, ভারতীয় নারী ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন অমল মুজুমদার।

শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে এশিয়ান গেমসে শক্তিশালী টি-টোয়েন্টি দল পাঠাচ্ছে ভারত। দলে রয়েছেন অভিজ্ঞ পেসার জাসপ্রিত বুমরাহ, সহ-অধিনায়ক তিলক বর্মা এবং উদীয়মান প্রতিভা বৈভব সূর্যবংশী।

সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা পাওয়া ভারত ২৮ সেপ্টেম্বর থেকে এশিয়ান গেমসে নিজেদের অভিযান শুরু করবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম