|
ফলো করুন |
|
|---|---|
আন্তর্জাতিক নারী ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়লেন ভারতের স্মৃতি মান্ধানা। ৩০ বছর বয়সী এই ওপেনার এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ১২৪ রানের ইনিংসে খেলার পথে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন। এই রেকর্ড গড়ার পথে তিনি ছাড়িয়ে যান ভারতের সাবেক ক্রিকেটার মিতালি রাজকে।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচটিতে মাত্র ৬৪ বলে ১৪টি চার আর ৭টি ছক্কার সাহায্যে ১২৪ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন মান্ধানা। সর্বোচ্চ রান ছাড়াও সর্বোচ্চ সেঞ্চুরি, সর্বোচ্চ পঞ্চাশোর্ধ্ব ইনিংসের রেকর্ডও গড়েছেন বাঁহাতি এ ওপেনার।
মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে মিতালি রাজ তিন সংস্করণ মিলিয়ে করেছিলেন ১০ হাজার ৮৬৮ রান। ২০২২ সালে সর্বশেষ ম্যাচ খেলেছেন ভারতের এই সাবেক অধিনায়ক। তাকে ছাড়িয়ে মান্ধানার রান এখন ১০ হাজার ৮৮০। টি-টোয়েন্টিতে ৪ হাজার ৬৮১ রানের পাশাপাশি ওয়ানডেতে ৫ হাজার ৪১১ এবং টেস্টে ৭৮৮ রান আছে তার।
আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ রান নিউজিল্যান্ডের সুজি বেটসের ১০ হাজার ৭৪০। বেটস জুনে অবসর নিয়েছেন।
তবে হংকংয়ের বিপক্ষে ম্যাচে শুধু রানের রেকর্ডেই থামেননি মান্ধানা। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ১৮তম সেঞ্চুরি করেছেন তিনি। মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও এখন তার একক দখলে। এত দিন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মেগ ল্যানিংয়ের সঙ্গে ১৭ সেঞ্চুরি নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি।
এছাড়াও মান্ধানার ১২৪ রান নারী এশিয়া কাপের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। শ্রীলংকার চামারি আতাপাত্তুর ২০২৪ সালে মালয়েশিয়ার বিপক্ষে করা অপরাজিত ১১৯ রানের রেকর্ড ভেঙেছেন তিনি। এটি ভারতের হয়ে নারী টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটেও সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
