Logo
Logo
×
   

খেলা

যে শর্তে রিয়াল মাদ্রিদে ফিরতে পারেন ৪১ বছর বয়সি মদ্রিচ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ এএম

যে শর্তে রিয়াল মাদ্রিদে ফিরতে পারেন ৪১ বছর বয়সি মদ্রিচ

ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল সময়টা রিয়াল মাদ্রিদেই কাটিয়েছেন লুকা মদ্রিচ। স্প্যানিশ ক্লাবটির জার্সিতে একের পর এক সাফল্য অর্জন করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ক্লাব ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে। রিয়াল ছাড়ার পরও পারফরম্যান্সে খুব একটা ছন্দপতন হয়নি তার। সবশেষ মৌসুমে এসি মিলানের হয়ে খেলেও দারুণ পারফর্ম করেছেন এই ক্রোয়েশিয়ান তারকা।

তবে ভবিষ্যতে রিয়াল মাদ্রিদে ফেরার সুযোগ এলে কী করবেন মদ্রিচ? স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।

মদ্রিচ জানিয়েছেন, রিয়াল মাদ্রিদের প্রতি তার ভালোবাসা এখনও অটুট। ক্লাবটির সমর্থক হিসেবে নিজেকে সবসময়ই দেখেন তিনি এবং আজীবন রিয়ালের সমর্থক হয়ে থাকতে চান। একই সঙ্গে ছোটবেলা থেকেই এসি মিলানের প্রতিও তার বিশেষ টান রয়েছে বলে জানান তিনি।

মিলানে নিজের জীবন নিয়ে বেশ সন্তুষ্ট মদ্রিচ। তিনি বলেন, ক্লাব ও সমর্থকদের কাছ থেকে শুরু থেকেই যে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন, সেটিই তাকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে। মিলান শহর মাদ্রিদের তুলনায় অনেকটাই আলাদা হলেও শহরটিকেও ভালোবেসে ফেলেছেন বলে জানান তিনি।

রিয়াল ও মিলান—দুই ক্লাবেরই ঐতিহ্যের প্রশংসা করেছেন মদ্রিচ। তার মতে, রিয়াল মাদ্রিদ ইতিহাসের সেরা ক্লাবগুলোর একটি, আর ইউরোপীয় শিরোপা জয়ের সংখ্যার দিক থেকে রিয়ালের পরই মিলানের অবস্থান। দীর্ঘদিন ইউরোপের সাফল্য থেকে দূরে থাকলেও ঐতিহ্য ও ইতিহাসের দিক থেকে মিলান এখনও বিশাল একটি ক্লাব বলেই মনে করেন তিনি।

রিয়াল মাদ্রিদে ভবিষ্যতে ফেরার সম্ভাবনা নিয়েও মদ্রিচের অবস্থান বেশ পরিষ্কার। খেলোয়াড় হিসেবে ফেরার সম্ভাবনা ক্ষীণ হলেও অন্য কোনো ভূমিকায় ক্লাবটিতে ফিরতে আপত্তি নেই তার। তবে শুধু নিজের পরিচিতি বা অতীতের জনপ্রিয়তার কারণে রিয়ালে ফিরতে চান না তিনি।

মদ্রিচের ভাষায়, যদি কখনো রিয়াল মাদ্রিদে ফেরেন, তাহলে এমন একটি দায়িত্বেই ফিরতে চান যেখানে তিনি সত্যিকার অর্থে কার্যকর, গুরুত্বপূর্ণ এবং দলের জন্য প্রভাবশালী ভূমিকা রাখতে পারবেন। অর্থাৎ, শুধু নামের কারণে নয়—নিজের যোগ্যতা ও অবদানের ভিত্তিতেই ক্লাবটিতে ফিরতে চান এই ক্রোয়েশিয়ান কিংবদন্তি।

৪১ বছর বয়সেও ফুটবলের প্রতি তার ভালোবাসায় কোনো কমতি নেই। অবসর নিয়ে মদ্রিচের ভাবনাও তাই বেশ আলাদা। নির্দিষ্ট বয়সে পৌঁছালেই অবসর নিতে হবে—এমন ধারণায় তিনি বিশ্বাসী নন। যতদিন নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট থাকবেন এবং ফুটবল উপভোগ করবেন, ততদিন খেলা চালিয়ে যেতে চান।

ছয় বছর বয়সে ফুটবল শুরু করা মদ্রিচ ইতোমধ্যে তিন দশকেরও বেশি সময় ধরে এই খেলাটির সঙ্গে আছেন। তিনি জানেন, অন্য সব পেশার মতো ফুটবলও সারাজীবন খেলা সম্ভব নয়। তবে যতদিন মাঠে থেকে নিজের সেরাটা দিতে পারবেন এবং খেলাটিকে উপভোগ করবেন, ততদিন অবসর নিয়ে ভাবতে চান না এই কিংবদন্তি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম