‘পাকিস্তান নিজেদের হাসির পাত্রে পরিণত করেছে’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তান ক্রিকেটের সাম্প্রতিক অস্থিরতা নিয়ে কড়া সমালোচনা করেছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেইন। তিনি বলেছেন, ইংল্যান্ডে দলের সংকট সামলাতে গিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কঠিন পরিস্থিতিকে একেবারে হাসির পাত্রে পরিণত করেছে।
হেডিংলি আর লর্ডসে প্রথম দুই টেস্টে বড় হার দেখে পাকিস্তান। এরপর পিসিবি সাত ক্রিকেটার আর দুই কোচকে দেশে পাঠিয়ে দেয়। টেস্ট কোচ সরফরাজ আহমেদের জায়গায় তৃতীয় ও শেষ টেস্টের জন্য দায়িত্ব দেওয়া হয় মাইক হেসনকে। এই টেস্ট শুরু হবে ৯ সেপ্টেম্বর, বার্মিংহামে।
দেশে পাঠানো খেলোয়াড়দের মধ্যে ছিলেন মোহাম্মদ রিজওয়ান, সালমান আলি আগা এবং ইমাম উল হক। সরিয়ে দেওয়া হয় পেস বোলিং কোচ উমর গুলকেও।
স্কাই স্পোর্টস ক্রিকেট পডকাস্টে হুসেইন বলেন, পাকিস্তানের সমস্যা শুরুতে ছিল তাদের পারফরম্যান্স নিয়ে। তবে পিসিবির প্রতিক্রিয়া পরিস্থিতিকে আরও খারাপ করে দিয়েছে।
তিনি বলেন, ‘হেডিংলির পর বিশ্ব পাকিস্তানকে নিয়ে হাসাহাসি করছিল বলে আমার মনে হয় না। লর্ডসে আমার হতাশা ছিল তাদের লড়াই করার মানসিকতার অভাব নিয়ে। এটা তাদের নিয়ে ঠাট্টা করার জন্য নয়, বরং এটা বলার জন্য যে একটি মহান ক্রিকেট দেশ ভুল পথে এগোচ্ছে।’
তিনি আরও বলেন, ‘কিন্তু এখন যা ঘটেছে, তাতে তারা নিজেদের হাসির পাত্র বানিয়ে ফেলেছে। তারা পরিস্থিতিকে আরও খারাপ করে দিয়েছে।’
ইমামের চোট নিয়ে যেভাবে বিষয়টি প্রকাশ্যে চলে আসে, সেই বিষয়ে বিশেষভাবে সমালোচনা করেন সাবেক এই ইংলিশ অধিনায়ক। পাকিস্তানের হাই পারফরম্যান্স পরিচালক আকিব জাভেদ লাইভ টিভিতে এই ওপেনারের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তোলেন। ক্যামেরায় দেখা যায়, লর্ডসে খেলা শুরুর আগে নেটে ব্যাট করছিলেন ইমাম, যদিও তার তখন কাফ মাসলে টান ছিল।
হুসেইন বলেন, ‘হাই পারফরম্যান্স পরিচালক টিভিতে গিয়ে নিজের খেলোয়াড়কেই এভাবে হেয় করতে পারেন, এটা আমি বিশ্বাসই করতে পারছি না। হয় তিনি চোটে আছেন, নয়তো নেই।’
তিনি আরও বলেন, ‘অন্য সফরকারী দলগুলোর ক্ষেত্রে, চোটে থাকা খেলোয়াড় নিয়ে জিজ্ঞেস করলে সাধারণত সোজাসাপ্টা উত্তর পাওয়া যায়, যেমন তার স্ক্যান হয়েছে, দরকার হলে সে ব্যাট করবে, এই ধরনের কথা। ইমামের সঙ্গে যেভাবে আচরণ করা হয়েছে, সেটা একেবারেই হাস্যকর। নিজের খেলোয়াড়দের দেখভাল করতে হয়। একটু সম্মান দেখাতে হয়।’
