১০০ কিলোমিটার রানআপ নিয়ে বল করলেন ব্রিটিশ পেসার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ক্রিকেটে বোলিংয়ের আগে কয়েক গজ দৌড়ে গতি বাড়িয়ে বল করা খুবই স্বাভাবিক বিষয়। তবে ইংল্যান্ডের স্থানীয় ক্রিকেটার স্যাম বোদানো সেই রানআপকেই নিয়ে গেলেন একেবারে অন্য উচ্চতায়। একটি বল করার জন্য তিনি দৌড়েছেন প্রায় ১০০ কিলোমিটার!
লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ড থেকে শুরু হয় বোদানোর এই দীর্ঘ দৌড়। প্রায় ১৪ ঘণ্টা পর সারের ওকিংয়ের ভ্যালি এন্ড ক্রিকেট ক্লাবে পৌঁছান তিনি। সেখানেই ম্যাচের প্রথম বলটি করেন এই ব্রিটিশ পেসার।
অসাধারণ এই কীর্তির স্বীকৃতি পেতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করেছেন বোদানো। তবে বিশ্বরেকর্ড গড়ার পাশাপাশি তার এই উদ্যোগের পেছনে ছিল একটি মানবিক উদ্দেশ্য। দাতব্য সংস্থা ‘দ্য রুথ স্ট্রাউস ফাউন্ডেশন’-এর জন্য তিনি প্রায় ৬ হাজার পাউন্ড তহবিল সংগ্রহ করেছেন।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস তার প্রয়াত স্ত্রী রুথের স্মরণে ক্যানসারবিষয়ক এই দাতব্য প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। সেই সংস্থার জন্য অর্থ সংগ্রহ করতেই এত দীর্ঘ ও কঠিন দৌড়ের চ্যালেঞ্জ নিয়েছিলেন বোদানো।
বিশ্বরেকর্ডের নিয়ম মেনেই পুরো পথ অতিক্রম করতে হয়েছে তাকে। দৌড়ের সময় হাতে রাখতে হয়েছে ক্রিকেট বল এবং পরনে ছিল সাদা ক্রিকেট পোশাক। ১০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মাঠে পৌঁছে তিনি শুধু সেই ঐতিহাসিক ডেলিভারিই করেননি, এরপর ম্যাচেও অংশ নেন।
বোদানোর এই প্রচেষ্টা ছাড়িয়ে গেছে টম ডানের ২০২৪ সালের রেকর্ড। সে সময় ২৪ কিলোমিটার দৌড়ে এসে বল করে পুরুষদের ক্রিকেটে সবচেয়ে দীর্ঘ বোলিং রানআপের রেকর্ড গড়েছিলেন ডান।
নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বিবিসি-কে বোদানো জানান, এই দীর্ঘ দৌড় তাকে শারীরিকভাবে ভীষণ ক্লান্ত করে তুলেছে এবং ঘুমেরও ঘাটতি হয়েছে। তবে একটি মহৎ উদ্দেশ্যের সঙ্গে যুক্ত থাকায় পুরো অভিজ্ঞতাটিই তার কাছে বিশেষ। ক্রিকেটের প্রতি দীর্ঘদিনের ভালোবাসা এবং আল্ট্রা-ম্যারাথনের চ্যালেঞ্জ—দুই বিষয়কে একসঙ্গে যুক্ত করতেই তিনি এমন উদ্যোগ নিয়েছেন।
তবে ১০০ কিলোমিটারের এই দৌড় এখনও আনুষ্ঠানিকভাবে বিশ্বরেকর্ডের স্বীকৃতি পায়নি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ বোদানোর জমা দেওয়া প্রমাণ ও প্রয়োজনীয় তথ্য যাচাই করার পরই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। ফলে রেকর্ডের আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য এখন অপেক্ষা করতে হবে তাকে।

