Logo
Logo
×
   

খেলা

ভারত ম্যাচের আগেই কোচ জেরার্ড জোন্সকে সরিয়ে দিল বাফুফে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পিএম

ভারত ম্যাচের আগেই কোচ জেরার্ড জোন্সকে সরিয়ে দিল বাফুফে

উজবেকিস্তানে চলমান এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে হতাশাজনক শুরু হওয়ার পর প্রধান কোচ জেরার্ড জোন্সকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। টানা দুই ম্যাচে জয় না পাওয়া এবং কোনো গোল করতে না পারার পর সিরিয়ার বিপক্ষে ৩–০ গোলে হারের পরই আসে এই সিদ্ধান্ত।

বৃহস্পতিবার রাতে ই-মেইলের মাধ্যমে ইংলিশ কোচ জোন্সকে বরখাস্তের বিষয়টি জানায় বাফুফে। একই সঙ্গে তাসখন্দে বাংলাদেশ দলের অবস্থানরত হোটেল থেকেও তাকে তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়া হয়।

জোন্সের পরিবর্তে আপাতত অনূর্ধ্ব-২০ দলের সহকারী কোচ আতিকুর রহমান মিশুকে অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। বাছাইপর্বের বাকি ম্যাচগুলোতে নাজমুল-আব্বাসদের ডাগআউটে থাকবেন তিনিই।

অনূর্ধ্ব-২০ দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন কর্মকাণ্ডে বিতর্কের মুখে ছিলেন জেরার্ড জোন্স। বকেয়া বেতন নিয়ে অসন্তোষ প্রকাশের পাশাপাশি ঢাকার একটি টিম হোটেলে নিজের এক সহকারীর সঙ্গে হাতাহাতিতেও জড়িয়েছিলেন তিনি। পরিস্থিতি সামাল দিতে ওই ঘটনায় হোটেলে পুলিশও ডাকা হয়েছিল।

এসব বিতর্কের পরও জোন্সের ওপর আস্থা রেখেছিল বাফুফে। শেষ পর্যন্ত তাকে উজবেকিস্তানে দলের সঙ্গে পাঠানো হলেও মাঠের পারফরম্যান্সে তার পরিকল্পনার কার্যকর প্রতিফলন দেখা যায়নি।

বাছাইপর্বের প্রথম দুই ম্যাচেই বাংলাদেশ পাঁচ গোল হজম করেছে। বিপরীতে প্রতিপক্ষের জালে একটি গোলও দিতে পারেনি তরুণরা। সিরিয়ার বিপক্ষে ৩–০ গোলের পরাজয়ের পর পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে।

এ অবস্থায় টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই জেরার্ড জোন্সের অধ্যায়ের সমাপ্তি টানল বাফুফে। বাকি ম্যাচগুলোতে দলের দায়িত্ব সামলানোর ভার এখন অন্তর্বর্তীকালীন কোচ আতিকুর রহমান মিশুর কাঁধে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম