Logo
Logo
×
   

খেলা

বিতর্কের মাঝেও ইনফান্তিনোকেই সমর্থন দিচ্ছে গোটা আফ্রিকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পিএম

বিতর্কের মাঝেও ইনফান্তিনোকেই সমর্থন দিচ্ছে গোটা আফ্রিকা

ফাইল ছবি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে চলা প্রশাসনিক বিতর্কের চেয়ে ফুটবলের উন্নয়নকেই বেশি গুরুত্ব দিচ্ছে আফ্রিকান ফুটবল কর্মকর্তারা। বেনিন ফুটবল ফেডারেশনের সভাপতি মার্সেলিন বোকোভে বলেছেন, আফ্রিকা মহাদেশের অগ্রগতিই ভবিষ্যতে নেতৃত্ব নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পথ দেখাবে।

শনিবার থেকে পোল্যান্ডে শুরু হতে যাওয়া ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের আগে কথা বলছিলেন বোকোভে। এই টুর্নামেন্ট চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব দিয়ে ইনফান্তিনো যে প্রশাসনিক বিতর্কের সূচনা করেছিলেন, তার পর এটাই ফিফার প্রথম বৈশ্বিক টুর্নামেন্ট।

জুলাই মাসের শেষ দিকে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা আর অন্যান্য স্টেকহোল্ডারদের তীব্র বিরোধিতার মুখে পড়ে এই সুইস কর্মকর্তা তার পরিকল্পনা প্রত্যাহার করেন। এই পরিকল্পনায় বিশ্বকাপ আর ফিফার অন্যান্য টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্বের মূল্য ধরা হয়েছিল ২০০০ কোটি ডলার।

ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ প্রস্তাব নিয়ে ‘ভুলের’ জন্য ক্ষমা চেয়েছেন ইনফান্তিনো। তবে পরে তিনি এই ধারণাকে রক্ষা করে বলেছেন, এটি দরিদ্র জাতীয় ফুটবল ফেডারেশনগুলোর কাছে আরও বেশি অর্থ পৌঁছে দেওয়ার একটি মাধ্যম হতে পারত।

২০২৭ সালের মার্চে চতুর্থ মেয়াদের জন্য লড়ার ঘোষণা দিয়েছেন ইনফান্তিনো। এরপর থেকেই তার পদত্যাগের দাবি উঠেছে। তবে আফ্রিকান আর দক্ষিণ আমেরিকান কনফেডারেশনের সমর্থন এখনো তার সঙ্গে আছে।

শুক্রবার কাতোভিৎসে বেনিনের অনুশীলন সেশনের ফাঁকে রয়টার্সকে বোকোভে বলেন, ‘তিনি (ইনফান্তিনো) সঠিক মানুষ কি না, তা বলার এখতিয়ার আমার নেই। তবে গত প্রায় দশ বছরে যা করা হয়েছে, আমরা সেই ট্র্যাক রেকর্ডের দিকেই তাকাই।’

তিনি আরও বলেন, ‘আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ফুটবলের উন্নয়নে আফ্রিকা এগিয়ে যাচ্ছে কি না। ভবিষ্যতে আমরা মূলত এর ভিত্তিতেই আমাদের অবস্থান ঠিক করব।’

২০২৭ সালের নির্বাচনে বেনিন ইনফান্তিনোকে ভোট দেবে কি না, এই প্রশ্নের জবাবে বোকোভে বলেন, ‘এমন প্রশ্নের উত্তর দেওয়া এখনই খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তখন পর্যন্ত পরিস্থিতি কেমন দাঁড়াবে, তা আমরা জানি না।’

বোকোভে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকান ফুটবলে প্রকৃত অগ্রগতি হয়েছে। তবে তিনি মনে করেন, আরও বিনিয়োগ দরকার।

তিনি আরও বলেন, ‘বিনিয়োগ আছে। আমাদের এগিয়ে যেতে হবে, একই দিকে চলতে হবে। এ জন্য আরও বেশি বিনিয়োগ দরকার। প্রয়োজন আছে, আমাদের সেগুলো মেটাতে হবে।’

ঘানা ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য গিডিয়ন ফসুও একই ধরনের মত প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘আফ্রিকায় ফুটবলের উন্নয়নে সাহায্য করার জন্য ইনফান্তিনোর যে আন্তরিক আগ্রহ, তা আমি সত্যিই প্রশংসা করি।’

তিনি আরও বলেন, ‘তার যে সমর্থন দরকার, আমি আশা করি সবাই সীমারেখা টানার চিন্তা ছাড়িয়ে সেদিকে তাকাবে।’

তিনি বলেন, ‘তাই এমন একটা কাঠামো যদি থাকে, নারী ফুটবল আর সামগ্রিকভাবে আফ্রিকার ফুটবল উন্নয়নের সেই অভিপ্রায় যদি থাকে, আমার মনে হয় সবারই তা সমর্থন করা উচিত।’

অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে অংশ নিচ্ছে চারটি আফ্রিকান দল, বেনিন, নাইজেরিয়া, ঘানা আর তানজানিয়া।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম