|
ফলো করুন |
|
|---|---|
চোটের সঙ্গে নেইমার জুনিয়রের লড়াই যেন থামছেই না। ডান উরুর পেশিতে নতুন করে চোট পাওয়ায় ব্রাজিলিয়ান তারকাকে চার থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোর প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে।
বৃহস্পতিবার কোপা দো ব্রাজিলের ম্যাচে পালমেইরাসের বিপক্ষে খেলতে গিয়ে ডান উরুতে অস্বস্তি অনুভব করেন নেইমার। পরদিন করা পরীক্ষায় তার ডান উরুর রেক্টাস ফেমোরিস পেশিতে টাইপ ২বি ইনজুরি ধরা পড়ে।
সাধারণত এ ধরনের চোট সারতে চার থেকে আট সপ্তাহ সময় লাগে। তবে নেইমারের চোট কতটা গুরুতর, তার ওপরই নির্ভর করবে তিনি কবে মাঠে ফিরতে পারবেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় দুই মাস তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে।
সান্তোসে ফেরার পর থেকেই একের পর এক চোটে ভুগছেন নেইমার। গত বছরের জানুয়ারিতে ক্লাবটিতে ফেরার পর বাম উরু, ডান রেক্টাস ফেমোরিস, বাম হাঁটুর মেনিস্কাস এবং ডান কাফে চোট পেয়েছেন তিনি। সর্বশেষ চোটের আগেও এবং বিশ্বকাপ চলাকালীন কাফের সমস্যায় ভুগেছিলেন এই তারকা।
নেইমারের চোট নিয়ে সান্তোসের উদ্বেগের আরেকটি কারণ হলো—আগের কোনো চোট থেকেই নির্ধারিত সময়ের আগে ফিরতে পারেননি তিনি। বরং বেশ কয়েকবার সম্ভাব্য সর্বোচ্চ সময় পর্যন্ত, এমনকি তার চেয়েও বেশি সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। তাই এবারও নেইমারকে দ্রুত ফেরানোর ঝুঁকি নিতে চাইছে না ক্লাবটি।
রোববার ইন্টারন্যাসিওনালের বিপক্ষে ম্যাচে নেইমারকে ছাড়াই খেলতে হবে সান্তোসকে। অবনমন এড়ানোর লড়াইয়ে থাকা দলটির জন্য তার অনুপস্থিতি বড় ধাক্কা। একই কারণে কোপা সুদামেরিকানার কোয়ার্টার ফাইনালেও নেইমারকে পাওয়া যাবে না।
শুধু নেইমারই নন, একই ম্যাচে আরও দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারিয়েছে সান্তোস। ডান গোড়ালিতে মচকানোর কারণে ইন্টারন্যাসিওনালের বিপক্ষে খেলতে পারবেন না ডিফেন্ডার লুকাস ভেরিসিমো। পালমেইরাসের বিপক্ষে ম্যাচেই চোট পান তিনি।
এদিকে আরেক ফরোয়ার্ড আলভারো বারেয়ালও ওই ম্যাচে চোট পেয়েছেন। বাম উরুর পেছনে ব্যথা অনুভব করার পর পরীক্ষায় তার বাইসেপস ফেমোরিস পেশিতে টাইপ ২এ টিয়ার ধরা পড়ে। নেইমার, ভেরিসিমো ও বারেয়াল—তিনজনই ইতোমধ্যে সান্তোসের মেডিকেল সেন্টারে চিকিৎসা শুরু করেছেন।

