যে কারণে এমবাপ্পেকে পুনরায় পেনাল্টি নিতে দেওয়া হয়নি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচের শেষ দিকে কিলিয়ান এমবাপ্পের নেওয়া পেনাল্টি আলভারো বায়েস ঠেকিয়ে দেওয়ার পর নতুন করে পেনাল্টি নেওয়ার দাবি তুলেছিলেন রিয়াল মাদ্রিদের সমর্থকেরা। তাদের অভিযোগ ছিল, এমবাপ্পে শট নেওয়ার আগেই বেতিসের ডিফেন্ডার মার্ক বারত্রা পেনাল্টি বক্সের ভেতরে ঢুকে পড়েছিলেন। পরে তিনিই বলটি ক্লিয়ার করে রিয়ালকে গোলবঞ্চিত করেন।
তবে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর ব্যাখ্যা অনুযায়ী, এই পেনাল্টি পুনরায় নেওয়ার দাবির পেছনে যথেষ্ট আইনি ভিত্তি নেই।
ঘটনার ভিডিও বিশ্লেষণ করে দেখা যায়, এমবাপ্পের নেওয়া শট থেকে ফিরতি বল যেন তিনি খেলতে না পারেন, সে জন্য বারত্রা আগে থেকেই লাফ দিয়ে এগিয়ে যান। কিন্তু এমবাপ্পে যখন পেনাল্টি স্পট থেকে বলে কিক করেন, ঠিক সেই মুহূর্তে বারত্রার পা মাটিতে ছিল না। তিনি তখন কার্যত বাতাসে ভাসছিলেন।
পেনাল্টির নিয়ম অনুযায়ী, কিক নেওয়ার সময় রক্ষণভাগের খেলোয়াড়ের অবস্থান গুরুত্বপূর্ণ। বারত্রা বক্সের ভেতরে ঢোকার জন্য লাফ দিয়েছিলেন ঠিকই, কিন্তু এমবাপ্পে শট নেওয়ার মুহূর্তে তার পা মাটিতে না থাকায় সেটিকে নিয়মভঙ্গ হিসেবে গণ্য করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।
অর্থাৎ, বারত্রাই সবার আগে বক্সে প্রবেশ করেছিলেন এবং তার সেই দ্রুত লাফই শেষ পর্যন্ত এমবাপ্পের শটের পর বলটি ক্লিয়ার করার সুযোগ করে দেয়। কিন্তু শট নেওয়ার ক্ষণটিতে তার পা মাটি স্পর্শ না করায় ঘটনাটি নতুন করে পেনাল্টি দেওয়ার মতো অপরাধ হিসেবে বিবেচিত হয়নি।
ফুটবলের এমন সূক্ষ্ম সিদ্ধান্তে এক সেকেন্ডের ক্ষুদ্রতম অংশও বড় পার্থক্য গড়ে দিতে পারে। বারত্রা ঠিক সেই মুহূর্তে লাফ দিয়ে কার্যত নিয়মের সীমার মধ্যেই ছিলেন বলে ব্যাখ্যা করা হচ্ছে।
পেনাল্টি নিয়ে এই নাটকীয়তার মধ্যেই বেতিসের কাছে হেরে চলতি মৌসুমে প্রথমবারের মতো পরাজয়ের স্বাদ পেয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগা পয়েন্ট টেবিলের দুইয়ে আছে রিয়াল, সমান ৯ পয়েন্ট হলেও এক ম্যাচ কম খেলে এবং গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে বার্সেলোনা।
সূত্র: মুন্দো দেপোর্তিভো

